ফ্যাশন আইকন কেট স্পেডের আত্মহত্যা
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ১২:৫৪ পিএম, ৬ জুন ২০১৮ বুধবার | আপডেট: ১০:৫৩ পিএম, ৭ জুন ২০১৮ বৃহস্পতিবার
জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার কেট স্পেড (৫৫) মারা গেছেন। মঙ্গলবার নিউইয়র্কে নিজের এপার্টমেন্ট থেকে কেটের লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তের পর পুলিশ বলছে, কেট আত্মহত্যা করেছেন।
কেট স্পেড ছিলেন বর্তমান ফ্যাশন জগতের একজন নামী আইকন। কাপড়, জুতা ও জুয়েলারি সামগ্রীর ওপর করা ডিজাইনগুলোর জন্য তার খ্যাতি ছিল বিশ্বজোড়া। এ কারণে বিশ্বের ফ্যাশন ও ডিজাইন সংশ্লিষ্ট বিখ্যাত প্রতিষ্ঠানগুলো তার কাজের স্বীকৃতি ও সম্মান জানিয়েছে বার বার।
এ ছাড়াও কেট একসময় ফ্যাশন নির্ভর ম্যাগাজিন ম্যাডময়েজেলে সম্পাদনা করতেন। কিন্তু পরবর্তীতে ফ্যাশন নিয়ে ব্যস্ততার কারণে সম্পাদনা ছেড়ে দেন। ১৯৯৩ সালে সহ-প্রতিষ্ঠাতা হিসেবে স্বামী অ্যান্ডি স্পেডের সঙ্গে কেট স্পেড হ্যান্ডব্যাগস নামের ফ্যাশন হাউজ প্রতিষ্ঠাতা করেন তিনি। পরে ২০০৬ সালে নিজেদের ব্র্যান্ডটি বিক্রি করে দেন তারা। গড়ে তোলেন নতুন ব্র্যান্ড ফ্রাঞ্চেস ভ্যালেন্টাইন।
এভাবেই চলছিল। হঠাৎ করেই কাল ম্যানহাটানের পার্ক অ্যাভিনিউ-এর অ্যাপার্টমেন্টের গৃহকর্মী কেটকে অচেতন অবস্থায় পেয়ে আইন প্রয়োগকারী সংস্থাকে খবর দেয়। পরে পুলিশ এসে সিলিংয়ের সাথে ঝুলন্ত অবস্থায় তাঁর মৃতদেহ সনাক্ত করেন।
তার অকাল মৃত্যুতে ফ্যাশন জগতে নেমে এসেছে শোকের ছায়া। অনেক তারকা কেটের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
