শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী হয়ে পড়াশোনা করার আহ্বান স্পিকারের
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৮:৫৩ পিএম, ৩ আগস্ট ২০২৩ বৃহস্পতিবার
শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী হয়ে পড়াশোনা করার আহ্বান স্পিকারের
শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী এবং নিজের স্বপ্নের উপর দৃঢ় বিশ্বাস রেখে অধ্যয়ন করার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
আজ বৃহস্পতিবার শেভরনের পৃষ্ঠপোষকতায় চট্টগ্রামে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন আয়োজিত ‘গণিত ও বিজ্ঞান শিক্ষা বিষয়ক সামার স্কুল-২০২৩ এর সমাপনী অনুষ্ঠান’ এ প্রধান অতিথির বক্তব্যে এই আহ্বান জানান তিনি।
স্পিকার বলেন, এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন (এইউডব্লিউ) এর শিক্ষা প্রদান প্রক্রিয়া শিক্ষার্থীদের ভবিষ্যতে সফলতার সঙ্গে এগিয়ে যেতে আত্মপ্রত্যয়ী করছে। মেধাবী শিক্ষার্থীরা সব ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম।
স্পিকার আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারী শিক্ষা প্রসারে সবসময় অগ্রবর্তী। প্রধানমন্ত্রী তৃণমূলের দরিদ্র ও বঞ্চিত ১ কোটি শিক্ষার্থীদের মাঝে মায়েদের মোবাইলের মাধ্যমে বৃত্তি প্রদান, মায়েদের মোবাইল প্রদান, বিনামূল্যে বই বিতরণ, উচ্চ শিক্ষার জন্য বৃত্তি প্রদানসহ বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করেছেন। ফলশ্রুতিতে বাংলাদেশ বিশ্বের কাছে রোল মডেলে পরিণত হয়েছে।
এইউডব্লিউ ডিন অব ফ্যাকাল্টি ও একাডেমিক এফেয়ারস ডক্টর বীণা খুরানার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য ড. শিরীণ আখতার, এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন এর উপাচার্য ডক্টর রুবানা হক, শেভরন বাংলাদেশের কর্পোরেট অ্যাফেয়ার্স এর পরিচালক মুহাম্মদ ইমরুল কবির এবং লিগ্যালের পরিচালক মানাল মোহাম্মদ।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি এবং এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন এর উপাচার্য ডক্টর রুবানা হক শিক্ষার্থীদের মাঝে যোগ্যতা সনদ প্রদান করেন।
