পাকিস্তানে সংসদ নির্বাচন করছেন শাহরুখের বোন
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০২:২৮ এএম, ১০ জুন ২০১৮ রবিবার | আপডেট: ০৭:৪১ পিএম, ১২ জুন ২০১৮ মঙ্গলবার
পাকিস্তানের আসন্ন সংসদ নির্বাচনে প্রার্থী হচ্ছেন বলিউড বাদশা শাহরুখ খানের বোন নূরজাহান বেগম।পেশোয়ার থেকে স্বতন্ত্র সংসদ প্রার্থী হিসেবে নির্বাচনে লড়াই করবেন তিনি।
সংবাদমাধ্যমকে নূরজাহান বলেছেন, নারীর ক্ষমতায়নের জন্য কাজ করতে চাই। নির্বাচনে বিজয়ী হলে এলাকার নারীদের সমস্যাগুলো সংসদে তুলে ধরতে চাই। নারীদের সমস্যা সমাধানে দৃঢ়ভাবে কাজ করবো।
জিও টিভির খবরে বলা হয়, পাকিস্তান পার্লামেন্টের পেশোয়ার আসন (আসন নং-৭৭) থেকে স্বতন্ত্র সংসদ প্রার্থী হিসেবে ইসলামাবাদে নির্বাচন কমিশন থেকে নূরজাহান মনোনয়নপত্র তুলেছেন। খাইবার পাখতুনখোয়া প্রদেশের এ আসনে বর্তমান সংসদ সদস্য ক্রিকেটার ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফের শওকত ইয়ুসুফজায়ী।
সংবাদমাধ্যমকে নূরজাহান বলেন, ভাই শাহরুখ খানকে তার অভিনয়ের জন্য মানুষ যেমন ভালোবাসে, তেমনি জনপ্রতিনিধি হিসেবে আমাকেও ভালোবাসে। এর আগে কাউন্সিলর নির্বাচনেও মানুষের অকৃত্রিম ভালোবাসায় নির্বাচিত হয়েছি। এবার তাদের ভালবাসা পাবো বলে প্রত্যাশা করছি।
নূরজাহান বেগম শাহরুখ খানের শাহরুখের চাচাতো বোন। এই তারকার নিজের বোনের নাম শেহনাজ লালারুখ খান। চাচাতো ভাই-বোন হলেও তাদের মধ্যে নিয়মিত যোগাযোগ রয়েছে। দেশভাগের পর শাহরুখের পরিবার ও তার চাচা (নূরজাহানের বাবার পরিবার) আলাদা দেশের বাসিন্দা হয়ে যান। দুবার মুম্বাইয়ে এসে শাহরুখ আর তার পরিবারের সঙ্গে দেখা করে গেছেন নূরজাহান।
জানা গেছে, নূরজাহানের পরিবার অনেক দিন ধরেই পেশোয়ারে বসবাস করছে। এর আগে তিনি প্রাদেশিক নির্বাচনে কাউন্সিলর নির্বাচিত হন। এলাকায় তার যথেষ্ট জনপ্রিয়তাও রয়েছে।
নূরজাহানের আপন ভাই মনসুর বোনের হয়ে ভোটের প্রচার শুরু করে দিয়েছেন। তিনি বলেন, রাজনীতিতে আমাদের পরিবার নতুন নয়। আবদুল গাফফার খানের খোদাই খিদমতগার আন্দোলনের সঙ্গে জড়িত ছিল আমার পরিবার ও পূর্বপুরুষেরা। আমাদের পরিবারের রাজনৈতিক ধারাবাহিকতা আছে। আমার বোন নূরজাহানও এর আগে পেশোয়ারের একটি ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন।
মনসুর জানান, আওয়ামী ন্যাশনাল পার্টি (এএনপি) সংরক্ষিত নারী আসনে নূরজাহানকে প্রার্থী হওয়ার প্রস্তাব দিয়েছিল। কিন্তু তিনি রাজি হননি। নিজের কেন্দ্র পেশোয়ার থেকেই লড়তে চান তিনি।
