ঢাকা, শুক্রবার ১৩, ফেব্রুয়ারি ২০২৬ ১২:৪৬:৪৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ফরিদপুরে জমজমাট ঈদ বাজার

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০১:০১ পিএম, ১২ জুন ২০১৮ মঙ্গলবার | আপডেট: ০৭:৪৯ পিএম, ১২ জুন ২০১৮ মঙ্গলবার

পবিত্র ঈদুল ফিতরের বাকি আর মাত্র কয়েকদিন। আর এই ঈদকে সামনে রেখে কেনাকাটায় জমে উঠেছে ফরিদপুরের বিভিন্ন শপিংমল ও নিউমার্কেট। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত এসব শপিংমলগুলোতে চলছে জমজমাট বিকিকিনি।

ফরিদপুরের অভিজাত মার্কেট,শপগুলোর মধ্যে নিউ মার্কেট, মাছরাঙ্গা সুপার শপ, নকশি কাঁথা, বলাকা সুপার মার্কেট ও গোলপুকুর ড্রিম শপিং সেন্টার ক্রেতাদের ভিড় চোখে পড়ার মতো। এছাড়াও নিম্ন আয়ের মানুষেরা আদর্শ মার্কেটে তাদের কেনাকাটা করছেন।

বিশ রমজানের পর থেকেই মার্কেটগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে। মার্কেট ঘুরে দেখা গেছে দেশি-বিদেশি পোশাকের সমাহার। তবে প্রতিবছরের ন্যায় এবারও মেয়েদের জন্য ইন্ডিয়া, পাকিস্তান ও চীনের নানা ধরনের পোশাক পাওয়া যাচ্ছে শপিং সেন্টারগুলোতে। এছাড়াও কাতান, বেনারশী, সুতির শাড়ি বেশি বিক্রি হচ্ছে ফরিদপুরের শপিংমলগুলোতে। তবে সুতির শাড়ির চাহিদা বেশি। মহিলারা নিজেদের পছন্দের পোশাকের পাশাপাশি ম্যাচিং করে কসমেটিকস ও পার্স (ব্যাগ) কিনছেন। এছাড়াও শিশুদের জন্য রয়েছে পাঞ্জাবি, গেঞ্জি ও শার্ট ।


তবে প্রতিবছরের মত ফরিদপুরের ব্যবসায়িরা ঈদকে সমনে রেখে অধিক লাভে বেচা-কেনা করছেন বলে দাবী করছেন ক্রেতারা। শহরের একটি মার্কেটে রেডিমেট সালোয়ার কামিজ কিনতে এসেছন ফরিদপুর মেডিকেল কলেজের ডাক্তার লাভলী। ঐ মার্কেটে যেসব সালোয়ার কামিজ আছে তাতে টেগ লাগানো আছে ৬ হাজার টাকা। বললেন বেশি দাম লিখে রাখা হয়েছে। তার থেকে খুলনা থেকেই কিনব।


এদিকে ঈদ উল ফিতর উপলক্ষে ক্রেতা সাধারনের কাছে মাত্রাতিরিক্ত মূল্যে পণ্য বিক্রির বিরুদ্ধে হুশিয়ারি উচ্চারন করেছেন ফরিদপুরের জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া। ক্রেতা সাধারণকে প্রতারণা করে অতিরিক্ত মূল্যে আদায়ের বিরুদ্ধে তিনি ব্যবসায়ীদের সতর্ক করে দেন। গেল সপ্তাহে তাৎক্ষনিকভাবে তিনি বিভিন্ন দোকান পরিদর্শন করেন। এসময় তিনি ফ্যাশন ওয়ার্ল্ড, নকশী কাথা, জনতা স্টোরসহ বেশ কিছু রেডিমেট গার্মেন্টস বিক্রির দোকানে গিয়ে ঘটনার সত্যতা পান। তার এ অসাধারণ উদ্যোগের ফলে স্বস্তি প্রকাশ করছেন ক্রেতারা। অন্তত এখন বিভিন্ন দোকানে দাম বেশি নিলেও দরের আকাশকুসুম পার্থক্য হয়না।

রেইনবো স্কুলের শিক্ষিকা আয়েশা, তুলি এসেছেন মার্কেট করতে। বলেন,গত সপ্তাহের চেয়ে এখন দাম এতটা বেশি নেই,সহনীয় পর্যায়ে আছে। এরকম উদ্যোগ আরও বেশি বেশি নেওয়া দরকার বলে মনে করেন তারা।