আজ পর্দা উঠছে বিশ্বকাপ ফুটবলের, মেয়েরা সাপোর্ট করছে কোন দল
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০২:৫০ এএম, ১৪ জুন ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ০২:২৫ পিএম, ১৫ জুন ২০১৮ শুক্রবার
বাংলাদেশ সময় আজ বৃহস্পতিবার রাতে পর্দা উঠছে ফিফা বিশ্বকাপ ফুটবলের ২১তম আসরের। আজ থেকে শুরু হয়ে বিশ্বকাপের আসর চলবে ১৫ জুলাই পর্যন্ত। উদ্বোধনী অনুষ্ঠানের পর স্বাগতিক রাশিয়া ও সৌদি আরবের ম্যাচ দিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে এবারের বিশ্বকাপের।
পাড়া-মহল্লা, অফিস-আদালত, স্কুল-বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সবার বাসায় পর্যন্ত বিশ্বকাপ ফুটবল নিয়ে দ্বিধাভক্ত সবাই। নারী-পুরুষ-ছেলে-বুড়ো সবাই বিশ্বকাপ ফুটবল নিয়ে মাতোয়ারা। এই ঈদে বাসায় উৎসবের সাথে উত্তাপ ছড়াচ্ছে বিশ্বকাপ। সবাই তার পছন্দের দলকেই ফেভারিট বলছেন। এ যেন এক অন্ধ ভক্তীয় ভালবাসা। শুধু তাই নয়, প্রিয় দল, প্রিয় তারকার জন্য কেউ পুরো বিল্ডিং আর্জেন্টিনা বানিয়ে ফেলছেন, কেউ আবার নিজের সবকিছু বেচে ব্রাজিলের জার্সি কিনছেন। কেউবা আবার কিলোমিটারের পর কিলোমিটার প্রিয় দলের পতাকা বানিয়েছেন। এভাবে আরও পুরো দুই মাস বিশ্বকাপ উন্মাদনা বজায় থাকবে। আর এ উন্মাদনা আছে বলেই আমাদের দেশে বিশ্বকাপ ফুটবল এক ধরনের উৎসবেরই নামান্তর।
বিশ্বকাপ ফুটবল ২০১৮ নিয়ে বাংলাদেশের নারীদের আগ্রহের শেষ নেই। গভীর ভালোবাসায় তারা সাপোর্ট করছেন প্রিয় দলকে। ব্রাজিল, আর্জেন্টিনা না কি জার্মানি এই বির্তকে মাতছেন কিশোরী থেকে তরুণী। এমন কি মধ্যবয়সী নারীও আগ্রহ করে সাপোর্ট করছেন প্রিয় দলকে। জানা যাক তাদের অভিমত।
কানিজ করিম (গৃহিণী) - কনিজ করিম একজন গৃহিণী। তার এবারের বিশ্বকাপে প্রিয় পছন্দের দল দক্ষিণ কোরিয়া। তিনি বলেন, এশিয়া অঞ্চলের একমাত্র দল হিসেবে ১০টি বিশ্বকাপে খেলতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া। তাই আমি এ দলের পক্ষে।
আসমাউল হুসনা (এনজিও কর্মী) - এবারের বিশ্বকাপে ব্রাজিলই ফেভারিট। এর থেকে ভাল দল আর বিশ্বকাপে নেই। দেখেন না নেইমার কেমন দারুন খেলে। ওর মত কেউ কি খেলতে পারে।
হান্না কেয়া ( ডাক্তার) : হলুদ জার্সির মধ্যেই একটা আলাদা আকর্ষণ আছে। নেইমারকে এবার বিশ্বকাপ জিততেই হবে। ওর উপর আমরা সবাই আশা করে আছি। দেখা যাক কি হয়।
লাভলী মোস্তফা ( ব্যাংকার) : বিশ্বকাপে মেসিই আবার ফেভারিট। আর্জেন্টিনা দলের সাথে কি অন্য কোন দলের তুলনা হয়। হয় না । যারা তুলনা দেয় তারা হয়ত বোঝেনা। তাহলে এবারই তা প্রমাণ হয়ে যাবে।
মায়েশা ( শিক্ষার্থী-বুয়েট ) : বিশ্বকাপে আমি জার্মানির সাপোর্টার। ওরা এর আগেও বিশ্বকাপ নিয়েছে, এবারও নিবে।
মাহবুবা আক্তারী ( রাজনীতিবিদ) : আসলে ব্রাজিল ,আর্জেন্টিনা দুই দলেরই খেলা ভাল লাগে। মেসি,নেইমার দুইজনেই আমার পছন্দের। তবে স্পেশাল ব্রাজিলই।
ছুরাইয়া খানম (ব্যবসায়ী) : যেখানেই ফুটবল খেলা সেখানেই মেসি। ও তো আমাদের জন্য অনুপ্রেরণা। দেখবেন বিশ্বকাপ ওই জিতাবে।
শারমিন আক্তার মারিয়া (শিক্ষক) : আমি বরাবরই ব্রাজিলের ভক্ত। গতবার ব্রাজিলের ভাগ্য খারাপ ছিল। সবসময় তো আর খারাপ থাকবেনা। তাছাড়া এ দলটি যথেষ্ট ব্যালেন্সড। বিশ্বকাপ ওদের নেওয়ার সম্ভাবনা আছে।
ইসরাত নোশিন (শিক্ষার্থী -ইস্টওয়েষ্ট বিশ্ববিদ্যালয়) : মেসি তো মেসি। ও যেভাবে একাই সবাইকে কাটিয়ে গোল করে তা কি কেউ পারবে। পারবে না। তাহলে মেসির দলই বিশ্বকাপ জিতবে।
তামজীদ-তৈয়বা ( ভাই-বোন) : তামজীদ ক্লাস থ্রিতে পড়ে। বাবার কাছে বায়না ধরে ব্রাজিলের জার্সি কিনে সর্বত্রই উল্লাস। একই বাসায় তৈয়বা পড়ে ক্লাস টুতে। আর্জেন্টিনার ভক্ত। সেও আর্জেণ্টিনার জার্সি কিনেছে। দুজন বিশ্বকাপ সম্বন্ধ্যে অবাধ জ্ঞান না থাকলেও দুজনেই দুই দলের পক্ষে অনড়। তামজীদের পছন্দ নেইমার আর তৈয়বার মেসি।
জান্নাতারা (স্কুল পড়ুয়া) : আমি জার্মানির সমর্থক। থমাস মুলারের মত ভাল খেলোয়াড় আর হয়না। ও একাই যথেষ্ট ফরোয়ার্ড ।
রুবানা জাহান সুইটি (ইন্টার্ণ) : আসলে আর্জেন্টিনা ছাড়া কোন খেলাই ভাল লাগেনা। মেসির তো এবার বিশ্বকাপ জিততেই হবে। এর আগেরবারের মত করলে চলবেনা। আমার মনে হয় এবার আর্জেন্টিনা দলটিই সবার থেকে শক্তিশালী।
তানজিনা তান্নি (গৃহিণী) : আমার এবারের প্রিয় দল মিশর। আর মিশরের সালাহকে আমার খুব ভাল লাগে। রামোস তো ওকে ভালই ইনজুরিতে ফেলে দিয়েছিল । অনেকেই মনে করেছিল ও তো খেলতেই পারবেনা। তাও খেলছে। এটা ওর জন্য একটা বিরাট সুযোগ।
শম্পা ইসলাম (সহকারী কমিশনার-ভূমি) : আমি রাশিয়ার সাপোর্টার। রাশিয়ার গোলরক্ষক আকিনফেভের বর্তমান বিশ্বে এক নম্বর গোলরক্ষক। তাছাড়া রাশিয়া এবার বিশ্বকাপের হোস্টও।
সাবরীনা সুমি (ব্যবস্থাপক-বিপণন-প্রাণ গ্রুপ) আমার প্রিয় খেলোয়াড় ক্রিস্তিয়ানো রোনাল্ডো। তাই আমি পর্তুগাল সমর্থন করি। বরাবর এ দল ভাল খেললেই শেষে পর্যন্ত খেই হারিয়ে ফেলে । দেখা যাক এবার কি করে।
