ঈদ শেষে রাজধানীতে ফিরছে মানুষ
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ১২:০০ পিএম, ১৯ জুন ২০১৮ মঙ্গলবার | আপডেট: ০৬:৩৬ পিএম, ১৯ জুন ২০১৮ মঙ্গলবার
শেষ হল আনন্দময় ঈদের ছুটি। ঈদের ছুটি শেষে যান্ত্রিক নগরী ঢাকায় ফিরতে শুরু করেছেন কর্মজীবীসহ সর্বস্তরের মানুষ।
আজও বাস, লঞ্চ ও ট্রেনে অনেক মানুষ রাজধানীতে পৌঁছেছেন। বেশিরভাগ ট্রেন নির্ধারিত সময়ে এসে পৌঁছেছে। বাস, লঞ্চ ও ট্রেনে আজ সকাল থেকেই ভিড় লক্ষ করা গেছে।
এদিকে আজ মঙ্গলবার রাজধানীতে মানুষের আনাগোণা লক্ষ করা গেছে। বেলা বাড়ার সাথে সাথে ঢাকায় অনেক মানুষই ফিরে আসবে। ঢাকায় এখনও সর্বত্রই ঈদের আমেজ বিরাজ করেছে। শহরের চিরচেনা রূপে ফিরতে আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে।
টাঙ্গাইল থেকে ঢাকায় আসা যাত্রী লাবণ্য খন্দকার বলেন, বাসে আসার সময় কোন যানজট পায়নি। আরামেই বাচ্চাকে নিয়ে আসলাম। তিনি বলেন, ঈদের পরপরই যাত্রীচাপ কম থাকায় এমন শান্তিতে আসতে পেরেছি।
তবে পাটুরিয়া ফেরি ঘাটে যানজট থাকায় কিছুটা ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। মাগুড়া থেকে গাবতলীতে আসা রেহানা বেগম বললেন,মাগুড়া থেকে আসতে দুই ঘণ্টা বেশি সময় লাগল। তবে আর কোথাও কোন সমস্যা হয়নি।
সদরঘাটে বরিশাল থেকে ঢাকায় এসেছেন নুসরাত। বলেন,বাস,ট্রেনের থেকে অনেক আরাম লঞ্চ। এখানে কোন যানজটের ভয় নাই। তাই আমি সবসময় লঞ্চে বাড়ি যাই আবার লঞ্চে বাড়ি আসি।
কমলাপুর রেল স্টেশনে জামালপুর থেকে এসেছেন তানজিন আক্তার। বলেন,খুব সহজেই আসলাম। অফিস খোলা। তাই চলে আসলাম।
এ ফিরে আসার পালা চলতে থাকবে শুক্রবার পর্যন্ত। সেই হিসেবে, বৃহস্পতি ও শুক্রবার ঢাকাগামী যাত্রীচাপ অনেক বাড়বে বলে মনে করা হচ্ছে।
