ঢাকা, শুক্রবার ০৬, ফেব্রুয়ারি ২০২৬ ৭:১৯:৫৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

সারা দেশে নৌযান চলাচল বন্ধ রয়েছে

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৩৮ পিএম, ২৪ অক্টোবর ২০২৩ মঙ্গলবার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

সারা দেশে নৌযান চলাচল বন্ধের নির্দেশ দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। আজ মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিআইডব্লিউটিএ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারা দেশে নৌপথে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল নৌযান চলাচল বন্ধ থাকবে।

এদিকে উত্তর–পশ্চিম বঙ্গোপসাগরের অবস্থানরত ঘূর্ণিঝড় ‘হামুন’ প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে আজ মঙ্গলবার সকাল ৬টায় এটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৪৯০ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ–পশ্চিমে অবস্থান করছে। আর পায়রা সমুদ্রবন্দর থেকে ৩৫৫ কিলোমিটার দক্ষিণ–পশ্চিমে অবস্থান করছে। তবে সমুদ্রবন্দরগুলোতে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত বহাল রাখা হয়েছে।

আজ মঙ্গলবার সকালে আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় আবহাওয়া অধিদপ্তর।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উত্তর–পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘হামুন' উত্তর–পূর্ব দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে এবং বর্তমানে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে।

এতে আরও বলা হয়, ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৯০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ১১০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটে সাগর বিক্ষুব্ধ রয়েছে।

ঘূর্ণিঝড়টির অগ্রবর্তী অংশের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় দমকা ও ঝড়ো হাওয়াসহ ভারী থেকে অতি ভারী বর্ষণ অব্যাহত থাকতে পারে।

উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।