বাবার মতো রক্ত দিতে প্রস্তুত আছি: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৮:৫৯ পিএম, ১১ নভেম্বর ২০২৩ শনিবার
জনসভায় বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: ফোকাস বাংলা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমি আপনাদের মাঝে বাবার স্নেহ পেয়েছি। আপনাদের মাঝে ভাইয়ের আদর পেয়েছি। আমি আপনাদের সেবা করতে চাই। প্রয়োজনে আমি বাবার মতো রক্ত দিতে প্রস্তুত আছি।
আজ শনিবার বিকাল ৪টার দিকে কক্সবাজারের মহেশখালীর টাউনশিপ মাঠে আয়োজিত জনসভায় এ কথা বলেন তিনি।
খুব শিগগিরই মূল্যস্থীতি হ্রাস পাবে বলে জানিয়ে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘দুঃখের বিষয় হলো, যখন রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হলো, স্যাংশন-কাউন্টার স্যাংশন, যার ফলে মুদ্রাস্ফীতি একটু বেড়েছে কিন্তু সেটাও নিয়ন্ত্রণের আমরা চেষ্টা চালিয়েছি। ইনশাল্লাহ খুব শিগগিরই এই মূল্যস্থীতি হ্রাস পাবে। মানুষ আরও ভালোভাবে চলতে পারবে, থাকতে পারবে।’
শেখ হাসিনা বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় আসলে মানুষের ভাগ্য পরিবর্তন হয়। আমরা মানুষের জন্য কাজ করি। আরেকটি দল আছে তারা মানুষের সম্পদ লুট করে। খুন, বোমাবাজি, গ্রেনেড হামলা ও চোরাকারবারি করে।’
তিনি বলেন, 'আমাদের লক্ষ্য হচ্ছে দেশের মানুষের উন্নয়ন। আর সেই উন্নয়নের জন্যই আমরা কাজ করে যাচ্ছি। আমি ওয়াদা দিয়েছিলাম প্রত্যেক ঘরে ঘরে বিদ্যুৎ দেওয়া হবে। আজকে আমরা প্রত্যেক ঘরে ঘরে বিদ্যুৎ দিচ্ছি। দেশের মানুষ যাতে সুন্দরভাবে বাঁচতে পারে, সে ব্যবস্থা করে দিচ্ছি।
এর আগে দুপুরে কক্সবাজারে আইকনিক রেলস্টেশন ও দোহাজারী-কক্সবাজার রেলপথের উদ্বোধন করে ট্রেনে করে রামুতে আসেন প্রধানমন্ত্রী। সেখান থেকে বিকাল ৩টা ৪০ মিনিটের দিকে মাতারবাড়ী তাপবিদ্যুৎ প্রকল্পের টাউনশিপ মাঠে মহেশখালী উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় পৌঁছান তিনি।
সেখানে ১৪টি সমাপ্ত প্রকল্পের উদ্বোধন এবং ৪টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে প্রধানমন্ত্রী মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরের প্রথম টার্মিনালের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও এই সমুদ্রবন্দরের চ্যানেল উদ্বোধন করেন।
