রোহিঙ্গা ক্যাম্প কমিটিতে নারী প্রধান
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ১১:৩৭ পিএম, ২৯ জুন ২০১৮ শুক্রবার
সম্প্রতি মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের শালবাগান আশ্রয় ক্যাম্পে কমিটি গঠন করা হয়েছে। আর এবারই প্রথমবারের মতো রোহিঙ্গারা নিজেদের এক নারী সদস্যকে ক্যাম্প কমিটির প্রধান হিসেবে নির্বাচন করা হয়েছে।
জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংগঠন ইউএনএইচসিআর রোহিঙ্গাদের মধ্যে গণতান্ত্রিক চিন্তা চেতনার লক্ষ্যে কমিটি নির্বাচনের আয়োজন করে। অ্যাডভেন্টিস্ট ডেভেলপমেন্ট অ্যান্ড রিলিফ এজেন্সি-এডিআরএ এবং বাংলাদেশ কর্তৃপক্ষ এতে সহায়তা করে।
শালবাগান ক্যাম্পে আশ্রয় নেয়া রোহিঙ্গারা কমিটির প্রধান নির্বাচনের পাশাপাশি তার ডেপুটি ও সহকারী এবং ১২টি ব্লকের প্রতিনিধি নির্বাচন করেন। এ ক্ষেত্রেও প্রতিনিধিদের মধ্যে অর্ধেকের বেশি ছিলেন নারী।
কক্সবাজারে ইউএনএইচসিআরের জ্যেষ্ঠ সুরক্ষা সমন্বয়কারী বার্নাডেট ক্যাসেল-হোলিংসওয়ার্থ বলেন, ‘এটি একটি অসাধারণ কৃতিত্ব। শালবাগানের রোহিঙ্গা শরণার্থীরা সিদ্ধান্ত নেন যে তাদের প্রতিনিধিদের অর্ধেক হবে নারী। সে লক্ষ্যে তারা বাস্তবায়ন করেছে। এর জন্য তাদের ধন্যবাদ জানাই।’
গত সাত সপ্তাহ আগে শালবাগান শরণার্থী ক্যাম্পে প্রতিনিধি নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়। কমিটির নবনির্বাচিত সদস্যরা চলতি সপ্তাহেই ইউএনএইচসিআরসহ অন্যান্য সংস্থা ও সংগঠনগুলোর সঙ্গে কাজ শুরু করবে।
সূত্র – ইউএনবি ।
