ঢাকা, বুধবার ২২, জুলাই ২০২৬ ১২:১৫:২৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

রওশন আরা বাচ্চুর ভাষার জন্য সংগ্রাম

প্রকাশিত : ০৯:৪৩ এএম, ২১ ফেব্রুয়ারি ২০১৫ শনিবার | আপডেট: ০৯:৪৩ এএম, ২১ ফেব্রুয়ারি ২০১৫ শনিবার

সুমাইয়া সোমা, স্টাফ করেসন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : ছোট্ট বন্ধুরা, আজ তোমাদের এমন একজন মহীয়ষী নারীর কথা বলবো যার অঢেল অবদান রয়েছে আমাদের ভাষা আন্দোলনে। শুধু ভাষা আন্দোলনই নয়; একাত্তেরের স্বাধীনতা সংগ্রাম এবং বাংলাদেশের নারীর সার্বিক উন্নয়নে তিনি রেখেছেন বিশেষ অবদান। তিনি হলেন রওশন আরা বাচ্চু। এই সাহসী নারী ১৯৫২ সালে বাংলা ভাষা আন্দোলনের একজন সংগ্রামী। ২১শে ফেব্রুয়ারিতে যে সমস্ত ছাত্র নেতারা ১৪৪ ধারা ভাঙ্গতে চেয়েছিলেন তিনি তাদের অন্যতম। তিনি ১৯৩২ সালের ১৭ই ডিসেম্বর সিলেটের কুলাউড়া থানার উছলাপাড়া গ্রামে জন্ম গ্রহন করেন। তার বাবার নাম এ এম আরেফ আলী এবং মায়ের নাম মনিরুন্নেসা খাতুন। রওশন আরা বাচ্চু ১৯৪৭ সালে শিলং লেডি কীন স্কুল থেকে ম্যাট্রিক পাস করেন। এরপর বরিশাল ব্রজমোহন কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৫৩ সালে দর্শনে অনার্স করেন। ১৯৬৫ সালে বি এড এবং ১৯৭৪ সালে ইতিহাসে এম এ করেন। তিনি সলিমুল্লাহ মুসলিম হল এবং উইম্যান স্টুডেন্টস রেসিডেন্স এর সদস্য নির্বাচিত হন। তিনি গণতান্ত্রিক প্রোগ্রেসিভ ফ্রন্ট এর সাথে ছাত্র রাজনীতিতে অংশগ্রহণ করেন তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যুক্ত ছিলেন যেমনঃ ঢাকার আনন্দময়ী স্কুল, লিটন অ্যাঞ্জেলস, আজিমপুর গার্লস স্কুল (খন্ডকালীন), নজরুল একাডেমি, কাকলি হাই স্কুল এবং পরে আলেমা একাডেমিতে। তিনি শিক্ষকতা পেশায় ১৯৯১ সাল পর্যন্ত নিযুক্ত ছিলেন। ১৯৫২ সালের বাংলা ভাষা আন্দোলনের সময় রওশন আরা বাচ্চু ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। ২১ ফেব্রুয়ারিতে যে সকল ছাত্র নেতারা ১৪৪ ধারা ভাঙ্গার পক্ষে ছিলেন তিনি তাদের মধ্যে অন্যতম। তিনি জনমত সমর্থনের জন্যও ব্যাপক চেষ্টা করেন। তার অনুপ্রেরনায় ইডেন মহিলা কলেজ এবং বাংলাবাজার বালিকা বিদ্যালয় এর ছাত্রীদের সংগঠিত করে আমতলার সমাবেশ স্থলে নিয়ে আসেন। এখান থেকেই ছাত্রনেতারা ১৪৪ ধারা ভঙ্গের ঐতিহাসিক সিদ্ধান্ত নেন। তারা ব্যারিকেড টপকিয়ে মিছিল নিয়ে এগুনোর চেষ্টা করেন। কিন্তু পুলিশের বাধার মুখে ব্যরিকেড টপকানো বেশ কঠিন ছিলো। রওশন আরা বাচ্চু তার দলের সবাইকে নিয়ে পুলিশের তৈরি ব্যারিকেড ভেঙ্গে ফেলেন। এরপর পুলিশ লাঠিচার্জ শুরু করে দেয়। এতে নিহত ও আহত হন অনেকে। রওশন আরা বাচ্চুও ছিলেন এমন আহতদের একজন। ২১.০২.২০১৫