সুস্থ আছে গুহায় আটকে পড়া থাই কিশোররা
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০৩:৫৪ পিএম, ৪ জুলাই ২০১৮ বুধবার | আপডেট: ১১:০৭ পিএম, ৪ জুলাই ২০১৮ বুধবার
ছবি: এএফপি
থাইল্যান্ডের গুহায় আটকে পড়া কিশোরদের একটি নতুন ভিডিও প্রকাশ করেছে দেশটির নৌবাহিনী। ওই ভিডিওতে দেখা গেছে, পরস্পরের সাথে আনন্দঘন সময় কাটাচ্ছেন তারা।
ফুটবলাররা ও তাদের কোচ জানান, তারা ভালো ও সুস্থ আছেন। ভিডিওতে দেখা গেছে, তারা হাসছে আর এক এক করে নিজেদের পরিচয় দিচ্ছে।
ওয়াইল্ড বোয়ার ফুটবল দলের ১২ কিশোর ও তাদের এক কোচ ২৩ জুন বেড়াতে গিয়ে দেশটির উত্তরাঞ্চলীয় চিয়াং রাই এলাকার থাম লুয়াং গুহায় আটকা পড়ে। ভারী বর্ষণ ও কাদায় গুহার মুখ বন্ধ হয়ে গেলে তারা বের হতে পারেনি।
থাইল্যান্ডের নৌবাহিনী আটকা পড়া কিশোরদের সুস্থতার জন্য বিশুদ্ধ খাবার পানি, স্যালাইন, খাবারের পাশাপাশি কম্বলও সরবরাহ করেছে।
গত সোমবার ওই কিশোররা গুহাটিতে প্রবেশ করে। ৯ দিন পর্যন্ত তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি। অবশেষে ব্রিটিশ ডুবুরিদের একটি দল তাদের সন্ধান পায়।
থাই নেভি সিলের ফেসবুক পাতায় পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, শরীর উষ্ণ রাখতে কিশোররা তাদের শরীর ফয়েল কম্বল দিয়ে ঢেকে রেখেছে।
টর্চ জ্বেলে, ডুবুরিদের পাশে বসে তারা নিজেদের নাম বলছে ও সবাইকে শুভেচ্ছা জানাচ্ছে। এ ছাড়া আরও দুটি ভিডিওতে দেখা যাচ্ছে, তাদের শরীরে কিছু আঁচড় লেগেছে। সামরিক চিকিৎসকরা তাদের চিকিৎসা দিয়েছেন।
এ সময়ে তাদের বলতে দেখা যায়, খাবার আসতে কতক্ষণ লাগবে। এখন থেকে নেভি সিলের দুজন ডুবুরি তাদের সঙ্গে থাকবেন।
গুহা থেকে তাদের কীভাবে নিরাপদে বের করে আনা যায়, তা নিয়ে কাজ করছেন উদ্ধারকারীরা। তারা বালকদের নিরাপত্তা নিয়ে কোনো ঝুঁকি নিতে চান না।
থাইল্যান্ডের সেনাবাহিনী জানিয়েছে, কিশোরদের উদ্ধারে এক মাসেরও বেশি সময় লাগতে পারে।
সূত্র: বিবিসি
