ওলা কারজাভির মুক্তি চায় জাতিসংঘ
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০৭:৩৩ পিএম, ৪ জুলাই ২০১৮ বুধবার | আপডেট: ১১:৫২ এএম, ৫ জুলাই ২০১৮ বৃহস্পতিবার
মিসরে বিনাবিচারে আটক ওলা আল কারজাভি ও তার স্বামী হোসাম খালাফকে মুক্তির দাবি জানিয়েছে জাতিসংঘ মানবাধিকার কার্যালয়। কোনো আনুষ্ঠানিক অভিযোগ ছাড়াই গত ৩০ জুন থেকে তাদের আটক রেখেছে মিসর সরকার।
মঙ্গলবার জেনেভায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জাতিসংঘ মানবাধিকার কার্যালয়ের মুখপাত্র লিজ থ্রোসেল বলেন, আমরা জানি, ওলা কারজাভির স্বাস্থ্য ভেঙে পড়েছে এবং ক্রমে তা অবনতির দিকে যাচ্ছে।
তিনি বলেন, কর্তৃপক্ষের কাছে আমাদের অনুরোধ, যাতে তার স্বাস্থ্য, শারীরিক ও মানসিক অবস্থার প্রতি সম্মান দেখানো হয়।
জাতিসংঘ মানবাধিকার কার্যালয় জানায়, মিসরের সবচেয়ে নিকৃষ্ট কারাগারে ওলা আল কারজাভিকে নিঃসঙ্গ কারাবাসে আটক রাখা হয়েছে। আলাদা আরেকটি কারাগারে তার স্বামী হোসাম খালাফকেও একইভাবে আটকে রাখা হয়।
জাতিসংঘ কার্যালয় জানায়, আমরা দেশটির কর্তৃপক্ষের কাছে অন্যায়ভাবে আটক এই দম্পতির মুক্তি দাবি করছি।
কায়রো সরকার দাবি করছে, ওলা কারজাভি ও হোসাম খালাফ দেশটিতে নিষিদ্ধ মুসলিম ব্রাদারহুডের সঙ্গে জড়িত। তবে পরিবারটি এ অভিযোগ অস্বীকার করেছে।
ওলা কারজাভি মিসরিয় বিশ্বখ্যাত মুসলিম পণ্ডিত ইউসুফ আল কারজাভির মেয়ে। তার বাবা ইউসুফ আল কারজাভি বর্তমানে কাতারে নির্বাসিত রয়েছেন।
