ঢাকা, মঙ্গলবার ২৪, মার্চ ২০২৬ ১:১১:৩০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

উইম্বলডনের তৃতীয় রাউন্ডে উইলিয়ামস বোনেরা

খেলাধুলা ডেস্ক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ১২:২৫ পিএম, ৫ জুলাই ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ০৬:০৪ পিএম, ৬ জুলাই ২০১৮ শুক্রবার

উইম্বলডনের তৃতীয় রাউন্ডে উঠে গেলেন উইলিয়ামস বোনেরা। সেরেনা ও ভেনাস এ দুবোন হারিয়ে দিয়েছেন যথাক্রমে বুলগেরিয়ান তারকা ভিক্টোরিয়া তোমোভা এবং রোমানিয়ার আলেজান্দ্রা দুলঘেরুকে।

 

মাতৃত্বকালীন অবসরে এক বছর টেনিস থেকে দূরে থাকলেও উইম্বলডনে বাছাই তারকার মর্যাদা পেয়েছেন সেরেনা উইলিয়ামস৷ এই মুহূর্তে তার সিঙ্গলস ব়্যাংকিং ১৮১ হলেও উইম্বলডনে তিনি ২৫ নম্বর বাছাই৷ আয়োজকদের আস্থার মর্যাদা রেখে নিজের আট নম্বর উইম্বলডন ও ২৪ নম্বর গ্র্যান্ড স্ল্যাম খেতাবের লক্ষ্যে যথাযথ এগিয়ে চলেছেন সেরেনা৷ লন্ডনে কাল নিজের থেকে ১৩ বছরের ছোটো বুলগেরিয়ান তারকা ভিক্টোরিয়া তোমোভাকে স্ট্রেট সেটে হারিয়ে চলতি উইম্বলডনের তৃতীয় রাউন্ডে পৌঁছে গেলেন তিনি৷ ১ ঘণ্টা ৬ মিনিটের লড়াইয়ে ৬-১, ৬-৪ সেটে জয় তুলে নেন সেরেনা৷

 

লেডিস সিঙ্গলসের তৃতীয় রাউন্ডে উঠেছেন ভেনাস উইলিয়ামসও৷ নবম বাছাই সিনিয়র উইলিয়ামস প্রথম সেট হেরে পিছিয়ে পড়লেও পরের দু’টি সেটে ঘুরে দাঁড়িয়ে দুরন্ত লড়াই উপহার দেন৷ রোমানিয়ার আলেজান্দ্রা দুলঘেরুর বিরুদ্ধে ৪-৬ গেমে প্রথম সেট হারেন ভেনাস৷ শেষ দু’টি সেটে প্রতিপক্ষকে কার্যত কোর্টে দাঁড়াতেই দেননি তিনি৷ শেষ দু’টি সেট ভেনাস জেতেন ৬-০, ৬-১ গেমে৷ ১ ঘণ্টা ৫৯ মিনিটের লড়াই শেষে দ্বিতীয় রাউন্ডের হার্ডল টপকে যান ভেনাস৷

 

তৃতীয় রাউন্ডের লড়াইয়ে সেরেনা মুখোমুখি হবেন ফ্রান্সের ক্রিশ্চিনা মালদেনোভিচের৷ ভেনাস পরের ম্যাচে কোর্টে নামবেন ২০ তম বাছাই ডাচ তারকা কিকি বার্টেন্সের বিরুদ্ধে৷ সিঙ্গলসে নিজেদের পরের দু’টি ম্যাচ জিতলে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি লড়াইয়ে নামবেন উইলিয়ামস বোনেরা৷

 


লেডিস সিঙ্গলসের তৃতীয় রাউন্ডে উঠেছেন সপ্তম বাছাই চেক তারকা ক্যারোলিনা প্লিসকোভা, দশম বাছাই মার্কিন তারকা ম্যাডিসন কিজ, ত্রয়োদশ বাছাই জার্মান তারকা জুলিয়া জর্জেস প্রমুখ৷ এদিকে দ্বিতীয় রাউন্ডে হেরে গেছেন দ্বিতীয় বাছাই ড্যানিশ তারকা ক্যারোলিন ওজনিয়াকি৷