থাই গুহায় আটকাপড়া সকলে উদ্ধার
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০৭:১৮ পিএম, ১০ জুলাই ২০১৮ মঙ্গলবার | আপডেট: ১১:৩৪ পিএম, ১০ জুলাই ২০১৮ মঙ্গলবার
থাইল্যান্ডে একটি গুহায় আটকে পড়া দলটির ১৩ জনের সবাইকে উদ্ধার করা হয়েছে। রোববার ও সোমবার চারজন করে মোট আট জনকে উদ্ধার করা হয়েছিল, আর আজ বাকি পাঁচজনকেও বের করে এনেছেন উদ্ধারকারীরা।
চিয়াং রাই প্রদেশের থ্যাম লুয়াং নামের ওই গুহাটিতে ১২ জন কিশোর এবং তাদের ফুটবল কোচ আটকা পড়ে গত ২৩ জুন।
থাই নৌবাহিনীর সীল দল - যারা এই উদ্ধার অভিযান পরিচালনা করেন - তারা এক বিবৃতিতে বলেছেন, ১২ জন কিশোর এবং তাদের ফুটবল কোচকে বের করে করে আনা হয়েছে, এক অসাধারণ উদ্ধার অভিযান সম্পন্ন হয়েছে - যার দিকে পুরো বিশ্বের দৃষ্টি নিবদ্ধ ছিল।
ফেসবুকে এক পোস্টে দ্য সীল বলের, "ওয়াইল্ড বোর (বুনো শূকর) দলের ১২ জন এবং তাদের কোচ এখন গুহার বাইরে। সবাই সুস্থ।"
গত দু`দিনের মত আজও উদ্ধারকৃতদের সবাইকেই হেলিকপ্টারে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের সাথে গুহার ভেতরে অবস্থান করছিলেন একজন ডাক্তার এবং নৌবাহিনীর তিনজন ডুবুরি। তারা আটকা পড়া শেষজনকে উদ্ধার না করা পর্যন্ত গুহার ভেতরেই ছিলেন।
ইতিমধ্যে তারাও গুহা থেকে বেরিয়ে এসেছেন এবং অভিযানটি সম্পূর্ণ সমাপ্ত হয়েছে।
