ঢাকা, সোমবার ১৩, জুলাই ২০২৬ ৭:৪০:২৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

উদ্ধারকৃত থাই কিশোররা বাসায় ফিরবে বৃহস্পতিবার

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ১০:২৬ পিএম, ১৪ জুলাই ২০১৮ শনিবার | আপডেট: ১১:২৬ পিএম, ১৪ জুলাই ২০১৮ শনিবার

থাইল্যান্ডের গুহা থেকে উদ্ধারকৃত ১২ জন থাই কিশোর ও তাদের কোচ হাসপাতাল থেকে আগামী বৃহস্পতিবার ছাড়া পাবেন।


থাইল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী পিয়াসাকোল সাকোলসাতায়াডর্ন বিষয়টি নিশ্চিত করেছেন। শনিবার স্বাস্থ্যমন্ত্রী পিয়াসাকল সাকলসাতায়াদর্ন সাংবাদিকদের বলেন, ১২ কিশোর ও তাদের কোচ শারীরিক ও মানসিকভাবে সুস্থ হয়ে উঠছে। তাদের আগামী ১৯ জুলাই বৃহস্পতিবার হাসপাতাল থেকে ছাড়া হবে।

 

পিয়াসাকোল বলেন, উদ্ধারকৃত কিশোরদের মধ্যে কয়েকজন নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছে। তবে উন্নত চিকিৎসার কারণে তারা সুস্থ হয়ে উঠছে। তাছাড়া হাসপাতাল থেকে বেরিয়ে আসার পর তাদের নিয়ে যে হুড়োহুড়ি শুরু হবে সে জন্য কিশোর দল ও তাদের পরিবারকে আমরা প্রস্তুত করছি।


উদ্ধারকারী দলের সম্মিলিত চেষ্টায় গত সপ্তাহে তিনদিনে তাদের থাম লুয়াং গুহা থেকে উদ্ধার করা হয়। উদ্ধারের পর সুচিকিৎসার জন্য তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

 

ভয়াবহ এই অভিজ্ঞতার কারণে কিশোরদের মনে যে আতঙ্কের সৃষ্টি হয়েছে সেটা থেকে বেরিয়ে আসতে তাদের মনচিকিৎসাও দেওয়া হচ্ছে।

 

গত ২৩ জুন নিয়মিত প্রশিক্ষণ শেষে দলের এক কিশোরের জন্মদিন উদযাপন করতে ‘ওয়াইল্ড বোয়ার’ নামের ওই কিশোর ফুটবল দল এবং তাদের কোচ চিয়াং রাই প্রদেশের ‘থাম লুয়াং’ গুহার প্রবেশ করে।

 

দলটি প্রবেশের পর আকস্মিক পাহাড়ি ঢলে গুহার ভেতর পানি ঢুকে যাওয়ায় তারা আটকা পড়ে যায়।

 

নিখোঁজ হওয়ার ১০ দিনের মাথায় গুহা মুখ থেকে চার কিলোমিটার ভেতরে দলটির সন্ধান পান দুই ব্রিটিশ ডুবুরি।