সিটি নির্বাচন অবাধ করতে যুক্তরাষ্ট্রের আহ্বান
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ১০:৫২ পিএম, ১৪ জুলাই ২০১৮ শনিবার | আপডেট: ০৮:৩৩ পিএম, ১৫ জুলাই ২০১৮ রবিবার
আসন্ন তিন সিটি করপোরেশন নির্বাচন যতোটা সম্ভব অনিয়ম মুক্ত করার আহ্বান জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া স্টিফেন ব্লুম বার্নিকাট। এ তিন সিটি করপোরেশন নির্বাচন অনিয়ম মুক্ত করতে সরকারের অবস্থান জানতে চেয়েছে ওয়াশিংটন বলেও জানান মার্কিন রাষ্ট্রদূত।
আজ শনিবার সেতুভবনে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ও সড়ক পরিবহন এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাতে এ অবস্থান জানতে চান বার্নিকাট। পরে মন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান।
বার্নিকাট বলেছেন, অবাধ, সুস্থ ও নিরপেক্ষ নির্বাচনের কথা তারা বলবে।
ওবায়দুল কাদের বলেন, আসন্ন তিন সিটি করপোরেশন নির্বাচন ভালোভাবে হোক। গাজীপুরের নির্বাচনে কিছু অনিয়ম হয়েছে বলে তারা বলেছেন। খুলনা সম্পর্কেও মন্তব্য করেছেন। সামনের নির্বাচনগুলো যতটা সম্ভব অনিয়ম মুক্ত করতে তারা সরকারের অবস্থান জানতে চেয়েছেন। সরকার বরাবর একই অবস্থানে আছে। অনিয়ম যেখানে, সেখানে নির্বাচন কমিশন সাথে সাথে ব্যবস্থা নিয়েছে।
মন্ত্রী বলেন, তারা (নির্বাচন কমিশন) যদি আরও অন্য অনিয়মের বিষয়ে তদন্ত করতে চায়, সেটা করবে। সামনের নির্বাচনগুলো যেন আরও ভালো হয়, সে ব্যাপারে নির্বাচন কমিশনই নজর দিতে পারে। সরকার এ ব্যাপারে সবরকমের সহযোগিতা করবে।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান হবে। রাষ্ট্রদূতকে বলেছি, এ ব্যাপারে আপনাদের দুঃশ্চিন্তার কোনো কারণ নাই। আপনাদের পর্যবেক্ষকদের স্বাগত, আপনারা যতো পর্যবেক্ষক পাঠাতে চান, অন্য দেশ থেকে যতো পর্যবেক্ষক আসুক কোনো বাধা নেই।
