ফাইনাল ম্যাচে মাঠে ঢুকে পড়লো দুই দর্শক!
খেলাধুলা ডেস্ক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ১২:২৬ এএম, ১৬ জুলাই ২০১৮ সোমবার | আপডেট: ০৯:৩৭ পিএম, ১৭ জুলাই ২০১৮ মঙ্গলবার
রোববার মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে ফাইনাল ম্যাচ চলাকালীন মাঠের মধ্যে ঢুকে পড়লেন দুই দর্শক। একজন নারী, অন্যজন পুরুষ। যদিও তাদের পিছনে পিছনেই নিরাপত্তারক্ষীরা ঢুকে তাদের বাইরে বের করে আনেন। কিন্তু ততক্ষণে বিতর্ক যা হওয়ার হয়ে গেছে।
দ্বিতীয়ার্ধে ম্যাচের পারদ সবে চড়তে শুরু করেছে। ৫২ মিনিটে খেলা চলছে। দুই-এক গোলে এগিয়ে ফ্রান্স। হঠাৎই ছন্দপতন। দৌড়ে মাঠে ঢুকে পড়লেন এক তরুণী এবং এক তরুণ। তাদের পিছনে ছুটছেন কয়েক জন নিরাপত্তারক্ষী। তরুণী ছুটছেন এমবাপের দিকে। আর তরুণ ছুটছেন ক্রোয়েশিয়ার ডিফেন্ডার ডেজান লোভ্রেনের দিকে। নিরাপত্তারক্ষীরাও দু’ভাগ।
আর গোটা এই পরিস্থিতিতে হতচকিত দু’দলের খেলোয়াড়রাই। রেফারিও ইঙ্গিত করলেন খেলা থামানোর। ম্যাচের টানটান উত্তেজনা থেমে গেল। অবশেষে ওই তরুণী ‘আততায়ী’ এমবাপের কাছে গিয়ে হাত মিলিয়েও ফেললেন। তারপরই মাঠে শুয়ে পড়লেন। নিরাপত্তারক্ষীরাও পিছন পিছন ছুটছিলেন। তাঁরা গিয়ে জাপটে ধরলেন সাদা শার্ট আর কালো ট্রাউজার পরা ওই তরুণীকে। তারপর টেনে-হিঁচড়ে পাঁজাকোলা করে তিন-চার জন মিলে বের করে আনলেন মাঠ থেকে।
অন্যদিকে ওই পুরুষ ‘অনুপ্রবেশকারী’ ছুটে চলে গেছেন লোভ্রেনের কাছে। গিয়েই অতর্কিত আক্রমণ। আচমকা আক্রমণে তিনিও কিংকর্তব্যবিমূঢ়। প্রতিহত করার চেষ্টা করতেই শুরু হল হাতাহাতি। শেষে নিরাপত্তারক্ষীরা গিয়ে তাকেও ধরে ফেললেন। তরুণীর মতোই একইভাবে পাঁজাকোলা করে বের করে আনলেন মাঠ থেকে।
ফুটবলের মাঠে এভাবে দর্শকদের ঢুকে পড়ার ঘটনার নজির নেই এমন নয়। তবে বিশ্বকাপের আসরে এই ধরনের ঘটনার কথা মনে করতে পারছেন না কেউই। আর ফাইনালে তো নয়ই।
