উখিয়ায় বাঁশভর্তি ট্রাক উল্টে শিশুসহ নিহত ৪
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ১২:০৬ পিএম, ১৬ জুলাই ২০১৮ সোমবার | আপডেট: ০৩:১৫ পিএম, ১৯ জুলাই ২০১৮ বৃহস্পতিবার
কক্সবাজারের উখিয়ায় বাঁশভর্তি চলন্ত ট্রাক উল্টে অটোরিকশা, ইজিবাইক ও টমটমকে চাপা দেয়ায় শিশুসহ চারজন নিহত হয়েছেন। এতে অন্তত ১৪ জন আহত হয়েছেন। আজ সোমবার সকাল ৯টার দিকে টেকনাফ-কক্সবাজার সড়কের উখিয়ার বালুখালী কাস্টমস ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ জানায়, ট্রাকটিতে মিয়ানমার থেকে বিতাড়িত হয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা মুসলিমদের জন্য বাঁশ নিয়ে যাওয়া হচ্ছিল। কুতুপালং টিভি টাওয়ার ঢাল থেকে নামার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্রাকটি উল্টে সড়কে থাকা ৬টি ইজিবাইক ও সিএনজিচালিত অটোরিকশার ওপর পড়ে।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার চাই লাও মার্মা জানান, খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ ও দমকল বাহিনী স্থানীয়দের সহযোগিতায় ট্রাকের নিচে চাপা পড়া ১৮ জনকে উদ্ধার করে। পরে তাদের স্থানীয় রেড ক্রিসেন্ট হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তিন নারীসহ চারজনকে মৃত ঘোষণা করেন। লাশগুলো হাসপাতাল মর্গে রাখা হয়েছে। গুরুতর আহত ১৪ জনকে ওই হাসপাতালেই চিকিৎসা দেয়া হচ্ছে।
উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিকারুজ্জাম্মান চৌধুরী তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, সড়কের একটি গর্তে পড়ে বাঁশবাহী চলন্ত ট্রাক উল্টে এ দুর্ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সড়কে বড় বড় গর্ত থাকায় বাঁশবোঝাই ট্রাকটি উল্টে গিয়ে টমটম ও সিএনজিচালিত অটোরিকশার ওপর পড়ে। এতে টমটম ও অটোর যাত্রীরা ঘটনাস্থলেই নিহত হয়।
