উইমেননিউজের প্রধান উপদেষ্টা রেজিয়া মান্নানের ইন্তেকাল
প্রকাশিত : ০৬:১৬ পিএম, ৩০ মার্চ ২০১৫ সোমবার | আপডেট: ০৬:১৬ পিএম, ৩০ মার্চ ২০১৫ সোমবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননউজ২৪.কম,
ঢাকা : বাংলাদেশের প্রথম নারীবিষয়ক অনলাইন পত্রিকা উইমেননিউজ২৪.কম এবং ছোটদের জনপ্রিয় পত্রিকা কিশোর লেখার প্রধান উপদেষ্টা রেজিয়া মান্নান মঙ্গলবার ১৭ মার্চ ২০১৫ রাত সাড়ে ৮টায় রাজধানীর মালিবাগের নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। মৃত্যকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর।
তিনি এক ছেলে, ৫ মেয়ে, নাত-নাতনি ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন।
মরহুমার একমাত্র পুত্র সরকার নিয়াজ মোরশেদ জানান, বুধবার বাদ জোহর মালিবাগ জামে মসজিদে মরহুমার নামাজে জানাজা শেষে রেজিয়া মান্নানকে রাজধানীর শাহজাহানপুর কবরস্থানে তাঁর স্বামীর কবরে দাফন করা হয়।
পারিবারিক সূত্র জানায়, আগামিকাল শুক্রবার বাদ আসর মরহুমার মালিবাগের নিজ বাসভবনে কুলখানী অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে বাসভবন ও মসজিদে মরহুমার রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
রেজিয়া মান্নান কুমিল্লা জেলার এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি একজন উচ্চ শিক্ষিত,ধর্মপ্রাণ, আধুনিক, মুক্তচিন্তাশীল, সত ও স্বচ্ছ মানুষ ছিলেন। তিনি অজীবন মানুষের কল্যাণ কাজ করে গেছেন।হতদরিদ্র, অসহায় ও দুস্থদের সেবায় তিনি নিয়োজিত ছিলেন সারা জীবন।
মরহুমা রেজিয়া মান্নান একজন রত্মগর্ভা মা। তিনি তাঁর ৫ কন্যা ও একমাত্র পুত্রকে উচ্চ শিক্ষিত করে প্রতিষ্ঠিত করে গেছেন। তারা সকলে স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত। নিজের সাহসীকতা, যোগ্যতা এবং সফলতার স্বীকৃতি হিসেবে রেজিয়া মান্নান ২০১১ সালে রত্মগর্ভা মা’র পদকে ভূষিত হন। তাঁর স্বামী মরহুম এম এ মান্নান একজন সিএসপি অফিসার ছিলেন।
বাংলাদেশের প্রথম নারীবিষয়ক অনলাইন পত্রিকা উইমেননিউজ২৪.কম এবং ছোটদের জনপ্রিয় পত্রিকা কিশোর লেখা রেজিয়া মান্নানের অনুদানে নিয়মিত প্রকাশিত হয়ে আসছে। বিকশিত বাংলাদেশ নামের স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে তিনি অজীবন সমাজের অসহায় ও দরিদ্র নারী ও শিশুদের সহযোগীতা করেছেন।
তাঁর মৃত্যুতে উইমেননিউজ২৪.কম, কিশোর লেখা ও বিকশিত বাংলাদেশ‘এর পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়। শোক প্রকাশ করেছেন ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) ও জাতীয় প্রেস ক্লাবের নেতৃবৃন্দ। এছাড়াও সাংবাদিকসহ বিভিন্ন নারীনেত্রী ও নারী সংগঠনগুলো রেজিয়া মান্নানের মৃত্যুতে শোক প্রকাশ করেন।
১৮.০৩.২০১৫
