পাসের হারে এবারও এগিয়ে মেয়েরা
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০১:০৪ পিএম, ১৯ জুলাই ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ১০:৪০ পিএম, ১৯ জুলাই ২০১৮ বৃহস্পতিবার
বৃহস্পতিবার এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। পাসের হারে এবারও এগিয়ে আছে মেয়েরা। এবছর ১০ শিক্ষাবোর্ডে গড় পাসের হার ৬৬ দশমিক ৬৪ শতাংশ। এর মধ্যে মেয়েরা পাস করেছে ৬৯ দশমিক ৭২ শতাংশ। আর ছেলেরা পাস করেছে ৬৩ দশমিক ৮৮ শতাংশ।
আজ সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে আটটি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের ফলাফলের অনুলিপি তুলে দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এরপর সংশ্লিষ্ট বোর্ডের চেয়ারম্যানরা তাদের স্ব স্ব বোর্ডের ফলাফল প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন।
সারাদেশে দুই হাজার ৫৪১টি কেন্দ্রে এবার ১৩ লাখ ১১ হাজার ৪৫৭ জন শিক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৬ লাখ ৯২ হাজার ৭৩০ জন ছাত্র ও ৬ লাখ ১৮ হাজার ৭২৭ জন ছাত্রী।
তবে গত বছরের তুলনায় এ বছর মেয়েদের পাসের হার কমেছে। গত বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় ১০ শিক্ষা বোর্ডে গড় পাসের হার ছিল ৬৮ দশমিক ৯১ শতাংশ। গত বছর মেয়েরা ৭০ দশমিক ৪৩ শতাংশ পাস করে আর ছেলেদের পাসের হার ৬৭ দশমিক ৬১ শতাংশ।
চলতি বছর ২ এপ্রিল থেকে ১৩ মে এইচএসসি ও সমমানের লিখিত পরীক্ষা চলে। এরপর ১৪ থেকে ২৩ মে নেওয়া হয় ব্যবহারিক পরীক্ষা।
এইচএসসিতে আটটি সাধারণ বোর্ডের অধীনে অংশ নেয় ১০ লাখ ৯২ হাজার ৬০৭ শিক্ষার্থী। আর মাদ্রাসা বোর্ডের অধীনে আলিমে ১ লাখ ১২৭ জন, কারিগরি বোর্ডের অধীনে এইচএসসি (বিএম)-এ ১ লাখ ১৭ হাজার ৭৫৪ জন ও ডিপ্লোমা-ইন-বিজনেস স্টাডিজ (ডিআইবিএসে) পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯৬৯। এছাড়া বিদেশের সাতটি কেন্দ্রে ২৯৯ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল। তাদের মধ্যে ১৫৯ জন ছাত্র ও ১৪০ জন ছাত্রী।
