কমনওয়েলথ পয়েন্ট অব লাইট পেলেন শারমিন
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ১২:৫৯ পিএম, ২০ জুলাই ২০১৮ শুক্রবার | আপডেট: ০২:৫৮ পিএম, ২০ জুলাই ২০১৮ শুক্রবার
‘৬১তম কমনওয়েলথ পয়েন্ট অব লাইট’ পুরস্কার পেয়েছেন বাংলাদেশি স্বেচ্ছাসেবী শারমিন সুলতানা। রোহিঙ্গা শরণার্থীদের মানবিক সহায়তা কার্যক্রমে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের পক্ষ থেকে তাকে এ পুরষ্কার দেওয়া হলো।
বৃহস্পতিবার ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথ এ পুরস্কারের কথা ঘোষণা করেন। কমনওয়েলথপ্রধান হিসেবে ব্রিটিশ রানির সই করা একটি সনদ পাবেন শারমিন। বাংলাদেশে ব্রিটিশ হাইকমিশনার অ্যালিসন ব্লেক তাঁকে আনুষ্ঠানিকভাবে পুরস্কার হস্তান্তর করবেন।
লিঙ্গভিত্তিক সহিংসতার শিতার রোহিঙ্গা নারীদের জন্য শারমিন সুলতানার অসামান্য কাজে সন্তোষ প্রকাশ করেছেন ব্রিটিশ হাইকমিশনার অ্যালিসন ব্লেক। শারমিনকে অভিনন্দন জানিয়ে অ্যালিসন বলেন, তিনি ওই পুরস্কার পাওয়ার অনেক যোগ্য ছিলেন।
শারমিন সুলতানা বলেন, পুরস্কার পাওয়ার খবরে তিনি ভাষা হারিয়ে ফেলেছিলেন। তিনি গর্বিত। এই স্বীকৃতি কেবল তাঁর একার নন, রোহিঙ্গাদের সেবা দেওয়া তাঁর বেসরকারি সংস্থা মুক্তিরও।
প্রজনন স্বাস্থ্যসেবা প্রদানে অভিজ্ঞ শারমিন সুলতানা। কক্সবাজারে কুতুপালং শরণার্থী শিবিরে রোহিঙ্গা নারী ও কণ্যাশিশুদের বিভিন্নভাবে সহায়তা করছেন। বিশেষ করে নারী ও কণ্যাশিশুদের অনাকাঙ্খিত গর্ভধারণ কিভাবে প্রতিরোধ করা যায় সে বিষয়ে সবাইকে সচেতন করেন। নিরাপদ অবসান এবং অপরিহার্য প্রসুতি প্রসবোত্তর সেবা দিয়ে থাকেন।
এছাড়া তিনি রোহিঙ্গা শিবিরে প্যারামেডিকস, ধাত্রী ও চিকিৎসকদেরও প্রশিক্ষণ দেন যাতে তারাও এ বিষয়ে রোহিঙ্গা নারী ও কণ্যাশিশুদের সর্বোচ্চ সেবা যাতে করতে পারেন। শারমিন নিজের যোগ্যতাকে ছড়িয়ে দিচ্ছেন অন্যজনের মাঝে যাতে তারাও রোহিঙ্গা নারী ও কণ্যাশিশুদের কল্যাণে সক্রিয় অবদান রাখতে পারে।
