লস অ্যাঞ্জেলসে জিম্মি সংকটের অবসান, নারী নিহত
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০৩:০০ পিএম, ২২ জুলাই ২০১৮ রবিবার | আপডেট: ০৯:০৬ পিএম, ২২ জুলাই ২০১৮ রবিবার
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস শহরে ট্রেডার জো জিম্মি সংকটের অবসান ঘটেছে। পুলিশ ঘাতককে গ্রেফতার করেছে। এ ঘটনায় এক নারী নিহত এবং অপর এক নারী আহত হয়েছেন। আহত নারীর অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয় সময় শনিবার দুপুরে সিলভারলেকের ‘ট্রেডার জো’ নামে চেইনশপে এ ঘটনা ঘটে। দোকানে ঐ অস্ত্রধারী ব্যক্তি বেশ কয়েকজন ব্যক্তিকে জিম্মি করেছিল। ট্রেডার জো নামে সেই দোকানে ঢোকার আগে অস্ত্রধারী ব্যক্তি নিজের মাতামহ ও অন্য একজন নারীকে গুলি করেন। পরপর সাতটি গুলি করে অস্ত্রধারী তার মাতামহকে আহত করেছেন। তিনি বর্তমানে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার সর্বশেষ অবস্থা নিশ্চিত করেননি চিকিৎসকরা। গাড়িচাপায় এক নারী আহত হলে তাকে নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সে ব্যক্তি প্রচণ্ড গতিতে গাড়ি চালিয়ে দোকানে প্রবেশ করেন। এরপর তিনি ‘ট্রেডার জো’তে প্রবেশ করলে সেখানে গোলাগুলি শুরু হয় এবং জিম্মি সংকটের সূত্রপাত হয়। জিম্মি সংকটের খবর জানতে পেরে বিপুলসংখ্যক পুলিশ সেখানে উপস্থিত হয়। পুলিশের সঙ্গে গুলিবিনিময়ের সময় সন্দেহভাজন ব্যক্তির বাম বাহুতে একটি গুলি লাগে। পুলিশ সেখানে ২৮ বছর বয়সী আফ্রিকান-আমেরিকান ব্যক্তির গাড়িটি জব্দ করে এবং এক পর্যায়ে তাকে আটক করতে সক্ষম হয়। এছাড়া জিম্মি হওয়া ৪০ ব্যক্তিকেও মুক্ত করে পুলিশ।
লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগের পক্ষ থেকে এক টুইট বার্তায় বলা হয়, ‘বড় কোনো ধরনের ঘটনা ছাড়াই আমরা সন্দেহভাজন গাড়িচালককে আটক করেছি।’
