ঢাকা, সোমবার ১৩, জুলাই ২০২৬ ৭:২৪:২৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

করাচিতে সাবেক মডেল অ্যানির মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০৯:০৬ পিএম, ২২ জুলাই ২০১৮ রবিবার | আপডেট: ০২:১৭ পিএম, ২৩ জুলাই ২০১৮ সোমবার

পাকিস্তানের সাবেক জনপ্রিয় মডেল ও ফ্রিল্যান্স সাংবাদিক অ্যানি আলী খানকে করাচিতে তার বাসায় মৃত অবস্থায় পাওয়া গেছে। শনিবার স্থানীয় পুলিশ তার লাশ উদ্ধার করে। তার প্রকৃত নাম কুরআতুলআইন অ্যানি আলী খান।

 

‘ডন’কে করাচির সিনিয়র সুপারিনটেনডেন্ট পুলিশ (দক্ষিণ) ওমর শহীদ জানান, করাচি জিমখানার কাছে কসর-ই-জয়নাব ভবনের তৃতীয় তলা থেকে অ্যানি আলী খানের মরদেহ উদ্ধার করা হয়। এ এলাকায় কঠোর নিরাপত্তা রয়েছে। পুলিশ ধারণা করছে, এটা পুরোপুরি আত্মহত্যার ঘটনা।

 

তিনি জানান, অ্যানি আলী খানের মরদেহ জিন্নাহ পোস্ট গ্র্যাজুয়েট মেডিকেল সেন্টারে পাঠানো হয়। এখানে ময়নাতদন্ত শেষে চিকিৎসকেরা জানান, দম বন্ধ হয়ে তিনি মারা গেছেন। তবে তার শরীরের কোথাও কোনো পোড়া বা আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

 

ওমর শহীদ আরও জানান, অ্যানি আলী খান বিবাহিত। তিনি নিজ ফ্ল্যাটে একা বসবাস করতেন। তার স্বামী বিদেশে থাকেন।


আর্টিলারি ম্যাডেন স্টেশনের হাউস অফিসার সাফদার মাশওয়ানি বলেন, প্রতিবেশীদের কাছ থেকে তারা জানতে পেরেছেন, অ্যানি আলী খানের ফ্ল্যাট থেকে ধোঁয়া বেরিয়ে আসছিল। তা দেখেই মূলত তারা পুলিশে খবর পাঠায়।

 

পুলিশ যখন ঘটনাস্থলে যায়, তখন ফ্ল্যাটের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। পুলিশ দরজা ভেঙে ফ্ল্যাটের ভেতরে প্রবেশ করে। ওই সময় মেঝেতে কিছু পোড়া বই আর মরদেহ পড়েছিল।

 

অ্যানি আলী খানের সাবেক এক প্রতিবেশী ‘ডন’কে বলেন, অ্যানি সম্প্রতি তার একটি বই লেখার কাজ শেষ করেন। বইটি শিগগিরই প্রকাশিত হওয়ার কথা ছিল।

 

৩৮ বছর বয়সের অ্যানি আলী খান সাংবাদিকতার পাশাপাশি তথ্যচিত্র নির্মাণের সঙ্গেও জড়িত ছিলেন। তিনি ‘ডন’, ‘হেরাল্ড’, ‘স্লেট’, ‘দ্য এক্সপ্রেস ট্রিবিউন’, ‘দ্য এশিয়া সোসাইটি’ ও ‘দ্য ক্যারাভ্যান’-এ লেখালেখি করতেন।