ঢাকা, রবিবার ২৯, মার্চ ২০২৬ ১৯:১৫:৩৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

রাজধানীর হাসপাতালে বাড়ছে ডেঙ্গু রোগী

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০২:০৩ পিএম, ২৩ জুলাই ২০১৮ সোমবার | আপডেট: ০৪:৪৭ পিএম, ২৬ জুলাই ২০১৮ বৃহস্পতিবার

বর্ষার সঙ্গে পাল্লা দিয়ে রাজধানীতে বাড়ছে মশাবাহিত ডেঙ্গু রোগের প্রকোপ। গত বছরের জুলাই মাসের তুলনায় চলতি বছরে জুলাই মাসে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েছে। এছাড়া জুন মাসের চেয়ে জুলাই মাসে এ রোগে আক্রান্তের সংখ্যাও বাড়ছে।


স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুম থেকে জানা গেছে, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত জানুয়ারি থেকে ২২ জুলাই পর্যন্ত সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ২০৭ জন। এর মধ্যে মারা গেছেন একজন। তবে এই মুহূর্তে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ৫৫ জন।


অন্যদিকে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোতে ভর্তি হয়েছিলেন ৫৯০ জন ডেঙ্গু রোগী। বর্তমানে ভর্তি আছেন ৪৪ জন এবং চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ৫৪২ জন। রোগীদের মধ্যে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে একজন, বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে একজন, সেন্ট্রাল হাসপাতালে দুইজন, ইউনাইটেড হাসপাতালে একজন মারা গেছেন।


চলতি বছরের শুরুতে স্বাস্থ্য অধিদফতরের সংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখা দুই সিটি করপোরেশনের ৯৩ টি ওয়ার্ডের ১০০টি স্থানে জরিপ চালায়। এতে এই ১০০ এলাকার মধ্যে ১৯টি এলাকাকে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়।

এদিকে, আইইডিসিআর ঢাকা শহরের সব হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতাল, দেশের জেলা ও উপজেলা পর্যায়ের সব হাসপাতালের বহির্বিভাগ ও অন্তঃবিভাগকে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগের দৈনিক প্রতিবেদন পাঠানোর জন্য নির্দেশনা দিয়েছে। ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগের কারণ, লক্ষণ ও প্রতিরোধ সংক্রান্ত বিভিন্ন জনসচেতনতামূলক লিফলেট তৈরি ও বিতরণ করা হয়েছে।


তবে দিনকে দিন আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় নগরবাসী এখন এ রোগ নিয়ে এক ধরনের আতঙ্কে ভুগছেন। তবে ডেঙ্গু প্রতিরোধে কেবল কর্তৃপক্ষের উদ্যোগই যথেষ্ট নয়। জমে থাকা পানিতে যেন মশা বংশবিস্তার করতে না পারে, বাড়ির আশপাশ যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে,সেদিকে খেয়ার রাখতে হবে। ডেঙ্গুকে ভয় নয় বরং সচেতনভাবেই মোকাবেলা করার জন্য পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।