ম্যালেরিয়া ঠেকাতে নতুন প্রতিষেধক
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০২:১৭ পিএম, ২৩ জুলাই ২০১৮ সোমবার | আপডেট: ০৩:২৭ পিএম, ২৩ জুলাই ২০১৮ সোমবার
ট্যাফেনোকুইন নামের নতুন এক ধরণের ট্যাবলেট ম্যালেরিয়ার চিকিৎসায় ব্যবহারের জন্য অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। ৬০ বছরের মধ্যে এই প্রথম ম্যালেরিয়ায় মৃত্যু ঠেকাতে এমন ওষুধ আবিষ্কৃত হলো।
কারও শরীরে একবার ম্যালেরিয়া হওয়ার পর পুনরায় এ জীবাণু যাতে আবার জেগে ওঠতে না পারে তা ঠেকাতে ওষুধটি বিশেষভাবে কাজ করবে। বর্তমানে বিশ্বে এ ধরণের ম্যালেরিয়াতে প্রতিবছর আক্রান্ত হন প্রায় ৮৫ লাখ মানুষ।
ম্যালেরিয়াকে একটি বড় রোগ হিসেবে বিবেচনা করা হয়। কারণ পুনরায় জাগ্রত হওয়ার আগে ম্যালেরিয়ার জীবাণু লিভারের মধ্যে বহু বছর ধরে থেকে যেতে পারে। ফলে এটি শরীরের অনেক ক্ষতি করে। এমন ম্যালেরিয়ার ক্ষেত্রে সবচেয়ে ঝুঁকিতে থাকে শিশুরা। এমনকি শিশুর মৃত্যুও পর্যন্ত হতে পারে।
সেক্ষেত্রে এর চিকিৎসায় ট্যাফেনোকুইনকে বড় অর্জন হিসেবে বিবেচনা করছেন বিজ্ঞানীরা।
যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) ওষুধটি অনুমোদন দিয়ে বলছে, এটি লিভারে লুকিয়ে থাকা ম্যালেরিয়ার জীবাণু ধ্বংস করে রোগীকে আবারো ম্যালেরিয়ায় আক্রান্ত হওয়া থেকে রক্ষা করবে। একই সঙ্গে কেউ ম্যালেরিয়ায় আক্রান্ত হলে অন্য ওষুধের সঙ্গেও এটি সেবন করা যাবে। তবে বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়ে বলেছেন, এক্ষেত্রে ওষুধটি পুরো কোর্স সেবন করতে হবে।
বিশ্বজুড়ে বিভিন্ন দেশের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা নিজ নিজ দেশের ম্যালেরিয়ায় আক্রান্ত রোগীদের ক্ষেত্রে ওষুধটি দেওয়ার বিষয়ে পর্যালোচনা করবে।
সূত্র: বিবিসি
