ঢাকা, বুধবার ২২, জুলাই ২০২৬ ১০:২০:০৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

পহেলা বৈশাখের ঘটনায় বখাটেরা এখনও গ্রেফতার হয়নি

প্রকাশিত : ১১:৫৩ এএম, ২০ এপ্রিল ২০১৫ সোমবার | আপডেট: ১১:৫৩ এএম, ২০ এপ্রিল ২০১৫ সোমবার

imagesস্টাফ করেসপন্ডেন্ট, উইমেননউজ২৪.কম, ঢাকা : পহেলা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা এবং সোহরাওয়ার্দী উদ্যানের গেটে যৌন নিপীড়নের ঘটনায় জড়িত বখাটেদের এখনও গ্রেফতার করতে পারেনি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কয়েকজনকে শনাক্ত করা গেলেও তাদের প্রকৃত নাম-পরিচয় জানা যায়নি। এদিকে গতকাল রোববার ঘটনাস্থল পরিদর্শন ও প্রত্যক্ষদর্শীদের কথা শুনেছেন পুলিশের উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি। রাতে ডিবি কার্যালয়ে ডেকে চার জনের লিখিত বক্তব্য নেওয়া হয়। এ ছাড়া পুলিশের তদন্ত কমিটিতে গতকাল একজন নারী পুলিশ কর্মকর্তাকে যুক্ত করা হয়েছে। রোকেয়া হলের সামনের সিসিটিভির ফুটেজ পরীক্ষা করা হচ্ছে। পুলিশের তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার ইব্রাহিম ফাতেমী ঘটনাস্থল পরিদর্শনের পর সাংবাদিকদের বলেন, 'নববর্ষের ঘটনাটি একটি বিচ্ছিন্ন বিষয়।' এদিকে ঢাকা মহানগর পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, পুলিশের কাছে যে ভিডিও ফুটেজ রয়েছে, তা গণমাধ্যমে প্রচার-প্রকাশিত করা ফুটেজের সঙ্গে মিল নেই। ঘটনাটি গণমাধ্যমে যেভাবে প্রচার করা হচ্ছে, তা সঠিক কি-না তা অনুসন্ধানে তিন সদস্যের কমিটি করা হয়েছে। ইতিমধ্যে কমিটি কাজ শুরু করেছে। রোববার বিকেলে ডিএমপি সদর দপ্তরে এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডিএমপি কমিশনার এসব কথা বলেন। ডিএমপি পুলিশের কাছে থাকা ফুটেজ বিশ্লেষণের তথ্য দিয়ে কমিশনার বলেন, আমাদের কাছে যে ভিডিও ফুটেজ রয়েছে তাতে দেখা যায়, ভিড়ের মধ্যে কয়েকজন নারী আটকা পড়েন। এমনকি একজন পড়েও যান। এখন বিবেচ্য বিষয় হচ্ছে, কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে ওই নারীদের উত্ত্যক্ত করেছে কি-না। সেটিই আমরা যাচাই-বাছাই করছি। ঘটনাস্থলে তদন্ত কমিটি: নারীদের ওপর যৌন নিপীড়নের ঘটনায় পুলিশের উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করেছে। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে কমিটির প্রধান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার ইব্রাহিম ফাতেমীর নেতৃত্বে অপর দুই সদস্য জয়েন্ট কমিশনার ওয়াই এম বেলালুর রহমান ও জাহাঙ্গীর হোসেন মাতুব্বর ঢাবি ক্যাম্পাস এলাকায় গিয়ে প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেন। ঘটনাস্থলের আশপাশের চায়ের দোকানিদের সঙ্গেও কথা বলেন তারা। পরে শাহবাগ থানায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তদন্ত কমিটির প্রধান। ওই সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ঘটনাস্থল পরিদর্শন শেষে অতিরিক্ত কমিশনার ইব্রাহিম ফাতেমী সাংবদিকদের বলেন, 'আমরা ভিডিও ফুটেজ দেখেছি। ওই দিন নারীর শ্লীলতাহানির মতো কোনো ঘটনা ঘটেছে কি-না কিংবা ঘটে থাকলে কারা ঘটিয়েছে তা খতিয়ে দেখছি। এ ছাড়া পুলিশের দায়িত্বে অবহেলার বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের অগ্রগতি বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. এএম আমজাদ হোসেন বলেন, আমরা বিভিন্ন ফুটেজ দেখে চার ব্যক্তিকে চিহ্নিত করেছি। যারা এ ঘটনায় সম্পৃক্ত বলে ধারণা করা হচ্ছে। তাদের নাম-পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। তবে ফুটেজ দেখে মনে হয়েছে তারা পরিকল্পিতভাবে ঘটনাটি ঘটিয়েছে। এ সুযোগে অনেকে ব্যক্তিগতভাবে অংশ নিয়েছে। আজকালের মধ্যে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সংবাদ সম্মেলন ডাকা হবে। ২০.০৪.২০১৫