ঢাকা, সোমবার ১৩, জুলাই ২০২৬ ৫:০৬:২৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

পাকিস্তান : নারী ভোটারদের মালালার টুইট

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ১২:৩৭ পিএম, ২৫ জুলাই ২০১৮ বুধবার | আপডেট: ১২:৪৯ পিএম, ২৫ জুলাই ২০১৮ বুধবার

পাকিস্তানে আজ বুধবার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এ নির্বাচনের হাওয়া পাল্টে দিতে পারে সে দেশের নারী ভোটাররা। তাদের ভোট দিতে উৎসাহ করতে টুইটারে টুইট করেছেন নোবেল বিজয়ী মালালা ইউসুফজাই।

 

টুইটারে তিনি লেখেন, ক্ষমতা এখন পাকিস্তানের জনগণ বিশেষ করে নারীদের হাতে। সেই সাথে পাকিস্তানের ১১তম সাধারণ নির্বাচনে ভোটারদের ভোটাধিকার প্রয়োগে আহ্বান জানিয়েছেন তিনি।


মঙ্গলবার পাকিস্তানের নাগরিকদের বিশেষ করে নারী ভোটারদের ভোটাধিকার প্রয়োগে আহ্বান জানিয়ে এই টুইটার বার্তা প্রকাশ করেন মালালা। ২১ বছর বয়সী পাকিস্তানি নাগরিক মালালা ইউসুজাই বর্তমানে যুক্তরাজ্যে বসবাস করেন। তিনি অক্সফোর্ডে লেডি মার্গারেট হলে রাজনীতি, দর্শন ও অর্থনীতি নিয়ে পড়াশোনা করছেন।

 

২০১৪ খ্রিস্টাব্দের ১০ অক্টোবর, শিশুদের প্রতি অবিচারের বিরুদ্ধে ও শিক্ষার অধিকারের লড়াইয়ের জন্য মালালা ইউসুফজাইকে নোবেল শান্তি পুরস্কার প্রদান করা হয়।মাত্র ১৭ বছরে মালালা এই পুরস্কারলাভের সময় বিশ্বের সর্বকনিষ্ঠ নোবেলজয়ীর সম্মান লাভ করেন।

 

এদিকে বুধবার পাকিস্তানের ১১তম জাতীয় নির্বাচনে স্থানীয় সময় সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোটগ্রহণ চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। পাকিন্তানের নির্বাচন কমিশন ভোটারদের অংশগ্রহণ বাড়াতে ২৫ জুলাইয়ে দেশটিতে জাতীয় ছুটি ঘোষণা করে। 

 

জাতীয় নির্বাচন কমিশনের তথ্য অনুসারে, পাকিস্তানজুড়ে মোট ৮৫ হাজার  ভোটকেন্দ্র।  নারী ও পুরুষদের জন্য সমন্বিত ভোটকেন্দ্র রয়েছে ৪০ হাজার ৬৩২টি। এছাড়া, কেবল নারীদের জন্য রয়েছে ২৩ হাজার ১০৪টি ভোটকেন্দ্র ও পুরুষদের জন্য রয়েছে ২১ হাজার, ৩২২টি ভোটকেন্দ্র। 

 

পাকিস্তানের এবারের নির্বাচনকে `আনপ্রেডিক্টেবল` বলে মন্তব্য করেছে বিশ্বখ্যাত জরিপ সংস্থা গ্যালাপ।  এ সংস্থা জানায়, নতুন ভোটাররাই জয়-পরাজয় নির্ধারণ করে দেবে।

 

মঙ্গলবার গ্যালাপ পাকিস্তানের নির্বাহী পরিচালক বিলাল গিলানি বলেন, এবার প্রায় এক কোটি ৯০ লাখ নতুন ভোটার রয়েছে। এর মধ্যে কয়েক লাখ নারী ও তরুণও আছেন। তারাই ভোটের জয়-পরাজয় নির্ধারণ করে দেবে।