পাকিস্তানে ভোটকেন্দ্রে সহিংসতা : পুলিশ ও শিশুসহ নিহত ৩১
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০৮:৪৩ পিএম, ২৫ জুলাই ২০১৮ বুধবার | আপডেট: ১০:৫৬ পিএম, ২৫ জুলাই ২০১৮ বুধবার
পাকিস্তানে সাধারণ নির্বাচনের মধ্যে এক আত্মঘাতী বোমা হামলায় তিন পুলিশ ও দুই শিশুসহ কমপক্ষে ৩১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে অর্ধশতাধিক লোক। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। বেলুচিস্তানের রাজধানী কোয়েটায় একটি পোলিং স্টেশনের বাইরে আত্মঘাতী হামলায় এই হতাহতের ঘটনা ঘটে।
উদ্ধারকারী সূত্রগুলো জানিয়েছে, একটি পুলিশের গাড়ি নিয়মিত টহলের সময় এই বোমার বিস্ফোরণ ঘটানো হয়। পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন, ওই আত্মঘাতী হামলাকারী ভোটকেন্দ্রের ভেতর ঢুকতে চেয়েছিল। আত্মঘাতী হামলাকারী ভোটকেন্দ্রে ঢোকার চেষ্টাকালে নিরাপত্তাকর্মীরা তাকে বাধা দিলে তিনি কেন্দ্রের বাইরে বোমার বিস্ফোরণ ঘটান।
ঘটনাস্থল থেকে একটি অবিস্ফোরিত গ্রেনেড পাওয়া গেছে। হামলার পরপর সেখানে বোমা নিষ্ক্রিয়কারী স্কয়াডের সদস্যরা পৌঁছেছেন।
হামলার পর হতাহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন পাকিস্তান তত্ত্বাবধায়ক সরকারের প্রধান নাসির-উল-মুলক। টুইটারে এক শোক বার্তায় তিনি এ সমবেদনা জানান।
এর পরপরই হতাহতদের প্রতি সমবেদনা জানান, রাজনৈতিক দল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ প্রেসিডেন্ট শাহবাজ শরীফ। তিনিও টুইট বার্তায় এ সমবেদনা জানান।
উল্লেখ্য, আজ বুধবার সকাল ৮টা থেকে পাকিস্তানে ১১তম সাধারণ নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে।
