বরগুনায় সড়ক দুর্ঘটনায় শিশু-নারীসহ নিহত ছয়
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০৩:৩৯ পিএম, ২৬ জুলাই ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ০৮:৩৫ পিএম, ২৭ জুলাই ২০১৮ শুক্রবার
বরগুনার আমতলীতে যাত্রীবাহী বাস ও মাহেন্দ্রর মুখোমুখি সংঘর্ষে শিশু ও নারীসহ ৬ যাত্রী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার আমতলীর মানিকঝুড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল মামুন জানান, কুয়াকাটা থেকে বরিশালগামী ‘আল্লাহ ভরসা’ পরিবহনের একটি বাস আমতলীর মানিকঝুড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাহেন্দ্রর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মাহেন্দ্রর ৬ যাত্রী নিহত হন এবং আরো ৩ যাত্রী আহত হন।
তিনি জানান, নিহতদের মধ্যে ৩ মাসের এক শিশু রয়েছে। নিহত শিশুর মা ফাহিমাকে মুমূর্ষু অবস্থায় বরিশালে পাঠানো হয়েছে। আহতদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলেও জানান তিনি।
