মিতা হককে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০৪:৪৬ পিএম, ২৬ জুলাই ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ০৭:১৫ পিএম, ২৬ জুলাই ২০১৮ বৃহস্পতিবার
রবীন্দ্রসংগীত শিল্পী মিতা হককে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। গত বেশ কয়েকদিন অসুস্থ ছিলেন এই শিল্পী। পরে ১৯ জুলাই শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে প্রথমে তাকে আইসিইউ (ইনটেনসিভ কেয়ার ইউনিট)-তে রাখা হয়েছিল। অবস্থার কিছুটা উন্নতি হলে বুধবার কেবিনে আনা হয়। এমন তথ্য জানিয়েছেন রবীন্দ্রসংগীত শিল্পী তপন মাহমুদ।
তিনি জানান,‘ শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তবে ডাক্তার এখনো শঙ্কামুক্ত বলেননি। জ্বর, নিউমোনিয়ার সঙ্গে কিডনিজনিত সমস্যাতেও তিনি দীর্ঘদিন ভুগছিলেন।’
তার মেয়ে ফারহিন খান জয়িতা গণমাধ্যমকে জানান, মিতা হকের অবস্থা এখন কিছুটা ভালো। তাকে আইসিইউ থেকে কেবিনে নেওয়া হয়েছে।
দেশবরেণ্য সংগীতশিল্পী মিতা হক অভিনেতা খালেদ খানের স্ত্রী। তার চাচা দেশের সাংস্কৃতিক আন্দোলনের অগ্রপথিক ও রবীন্দ্র গবেষক ওয়াহিদুল হক। তার মেয়ে জয়িতাও রবীন্দ্রসংগীত শিল্পী।
এছাড়াও মিতা হক বিভিন্ন সময়ে জাতীয় রবীন্দ্র সম্মেলন, ছায়ানটসহ বেশ কিছু সংগঠনের নেতৃত্ব দিয়ে আসছেন। তিনি ২০১৬ সালে শিল্পকলা পদক লাভ করেন। রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৬তম জন্মবার্ষিকীতে মিতা হককে বাংলা একাডেমির ‘রবীন্দ্র পুরস্কার’ দেয়া হয়।
