ব্যক্তিগত নয়, যা বলেছি তা যুক্তরাষ্ট্রের বক্তব্য : বার্নিকাট
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ১০:০৫ পিএম, ২৬ জুলাই ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ১১:৫৮ এএম, ২৭ জুলাই ২০১৮ শুক্রবার
খুলনা ও গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন নিয়ে করা মন্তব্য নিজের নয়, তা রাষ্ট্রের বলে জানালেন মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া ব্লুম বার্নিকাট। আজ বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সঙ্গে বিদায়ী সাক্ষাৎকালে তিন সিটি নির্বাচন, জাতীয় নির্বাচন, গণতন্ত্র ও রাজনৈতিক দলগুলোর লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে কথা বলেন মার্সিয়া ব্লুম বার্নিকাট।
আজ বিকেলে প্রায় দুই ঘণ্টা নির্বাচন কমিশনে ছিলেন মার্কিন রাষ্ট্রদূত। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি।
বার্নিকাট বলেন, ‘নো। দায়িত্ব পালনকালে আমার ব্যক্তিগত মন্তব্য প্রকাশ করার সুযোগ নেই। খুলনা ও গাজীপুর সিটি নির্বাচন নিয়ে যা বলেছি তা আমার রাষ্ট্রেরই বক্তব্য।’
মার্সিয়া বলেন, ‘দেশের সব স্থানীয় নির্বাচন ও জাতীয় নির্বাচন যেন সব দলের অংশগ্রহণে অবাধ-সুষ্ঠু হয় মার্কিন যুক্তরাষ্ট্র এমনটি আশা করে। নির্বাচনে সব রাজনৈতিক দল যাতে লেভেল প্লেয়িং ফিল্ড পায় সেটিও নিশ্চিত করা জরুরি।’
এই কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব কি না জানতে চাইলে তিনি বলেন, ‘গণতন্ত্রের স্বার্থে আমরা নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করি, সংলাপ করি। আমরা আশা করতে চাই, এই কমিশন সুষ্ঠু-অবাধ নির্বাচন করতে পারবে। তিন সিটি (বরিশাল, সিলেট, রাজশাহী) নির্বাচনও সুষ্ঠু হবে এমনটি আশা করে মার্কিন যুক্তরাষ্ট্র।’
খুলনা ও গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে অনিয়ম, অরাজকতার অভিযোগের খবরে গত ২৯ জুন যুক্তরাষ্ট্র উদ্বেগ জানায়। মার্কিন রাষ্ট্রদূতের এ বক্তব্যের সমালোচনা করেন ওবায়দুল কাদেরসহ সরকারের তিন মন্ত্রী।
বিবৃতির কারণে মন্ত্রীদের সমালোচনা প্রসঙ্গে সাংবাদিকরা প্রশ্ন করলে তার জবাবে বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘সমালোচনা করার অধিকার হলো গণতন্ত্রের সৌন্দর্য। আমি যে বক্তব্য দিয়েছি তা মার্কিন যুক্তরাষ্ট্রেরই মন্তব্য। সরকারের সমালোচনাকে আমি গণতান্ত্রিক সৌন্দর্য হিসেবেই নিয়েছি।’
২০১৫ সালের জানুয়ারিতে বাংলাদেশে রাষ্ট্রদূতের দায়িত্ব নেন মার্শা বার্নিকাট। বাংলাদেশে ৩ বছর ৮ মাস দায়িত্ব পালন শেষে তিনি চলে যাচ্ছেন। পেশাদার কূটনীতিক মার্শা বার্নিকাটকে বাংলাদেশে পঞ্চদশ রাষ্ট্রদূত হিসেবে মনোনয়ন দিয়েছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।
বার্নিকাটের মেয়াদ শেষ হওয়াতে তার জায়গায় নতুন রাষ্ট্রদূত নিয়োগ দেওয়ার প্রক্রিয়া চলছে। নতুন রাষ্ট্রদূত হিসেবে আর্ল রবার্ট মিলারকে নিয়োগ দিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ১৭ জুলাই রবার্ট মিলারের নাম ঘোষণা করেন।
