নারীদের পরামর্শ সেবায় যাত্রা শুরু মায়া ডটকমডটবিডি’র
প্রকাশিত : ০২:১৪ পিএম, ২২ এপ্রিল ২০১৫ বুধবার | আপডেট: ০২:১৪ পিএম, ২২ এপ্রিল ২০১৫ বুধবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : নারীদের কর্মক্ষেত্রের পরিবেশ, স্বাস্থ্য, আইন ও মনো-সামাজিক বিষয়ে পরামর্শ সহায়তা দিতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হলো মায়া ডটকমডটবিডি (www.maya.com.bd) ওয়েবসাইটটের। মঙ্গলবার রাজধানীর গুলশানস্থ অস্ট্রেলিয়ার হাইকমিশনারের বাসভবনে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসন ফজলে হাসান আবেদ এবং অস্ট্রেলিয়ার হাইকমিশনার গ্রেগ উইলকক। অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন ডাক এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।অস্ট্রেলীয় সরকারের বৈদেশিক সম্পর্ক ও বাণিজ্য মন্ত্রণালয় (ডিএফএটি) এবং ইউকে এইডের সহযোগিতায় ব্র্যাকের অংশীদারিত্বে মায়া এই ওয়েবসাইটটি চালু করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ডিএফআইডি)-এর ডেপুটি কান্ট্রি হেড পল উইটিংহাম, ব্র্যাকের স্ট্র্যাটেজি, কমিউনিকেশনস অ্যান্ড এমপাওয়ারমেন্ট কর্মসূচির ঊর্ধ্বতন পরিচালক আসিফ সালেহ, জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি কর্মসূচির পরিচালক শীপা হাফিজা, মায়া ডটকমের হেড অব কনটেন্ট অ্যান্ড কমিউনিকেশনস শাহানা সিদ্দিকী প্রমুখ।
স্বাগত বক্তব্যে অস্ট্রেলিয়ার হাইকমিশনার গ্রেগ উইলকক বলেন, অস্ট্রেলীয় সরকার সব সময়ই দরিদ্র জনগোষ্ঠী বিশেষত নারীদের অর্থনৈতিক মুক্তি এবং ক্ষমতায়নে উদ্ভাবনী পরিকল্পনাকে দৃঢ়ভাবে সমর্থন করে। প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ব্র্যাক-মায়ার ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপের মাধ্যমে দেশের অগণিত নারী তাদের প্রয়োজনীয় এমন সব তথ্য জেনে নিতে পারবেন যা কিনা তারা স্বাচ্ছন্দ্যের সঙ্গে অন্য কাউকে জিজ্ঞেস করতে পারেন না। এই ওয়েবসাইটের মাধ্যমে শহর ও গ্রামাঞ্চলে যত বেশি সম্ভব কিশোরী ও নারীর কাছে পৌঁছানোর প্রত্যয় ব্যক্ত করে ব্র্যাকের জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি কর্মসূচির পরিচালক শীপা হাফিজা বলেন, এটা দেশজুড়ে নারীদের তথ্যজগতে প্রবেশ এবং সেবা পাওয়ার পথকে সুগম করবে। একই সঙ্গে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে ভূমিকা পালন করবে।
২২.০৪.২০১৫
