ঢাকা, মঙ্গলবার ০৩, ফেব্রুয়ারি ২০২৬ ১০:১৭:২৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

২৪ ঘণ্টার মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হবে

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৫২ পিএম, ৭ আগস্ট ২০২৪ বুধবার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ড. মোহাম্মদ ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে এই সরকার গঠন করা হবে। এ সরকারের বাকি সদস্যদের নাম রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে চূড়ান্ত করা হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচন না হওয়া পর্যন্ত ওই সরকার দায়িত্ব পালন করবে। বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৩ সমন্বয়কের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানরা উপস্থিত ছিলেন।

মঙ্গলবার (৬ আগস্ট) দিবাগত রাত ১২টার পরে বঙ্গভবনের বাইরে সাংবাদিকদের একথা জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম।

তিনি বলেন, ড. মুহাম্মদ ইউনূসকে আমরা সরকারের প্রধান করার সিদ্ধান্ত নিলেও এই সরকারে অন্য কারও নাম এখনও চূড়ান্ত হয়নি। আমরা ১০ থেকে ১৫ জনের নাম প্রস্তাব করেছি। সবার সঙ্গে আলোচনা করে এই সরকার গঠন করা হবে।

তবে এই দশ থেকে পনেরো জনের নামের তালিকায় কারা কারা রয়েছেন সেটি ঘোষণা করেননি তিনি।

নাহিদ আরও বলেন, ডক্টর মুহাম্মদ ইউনূসের নাম বৈঠকে আমরা প্রস্তাব করেছিলাম। মহামান্য রাষ্ট্রপতিও সম্মতি দিয়ে বলেছেন, তাকে প্রধান করেই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে।

দেশের বর্তমান পরিস্থিতি ও অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে আলোচনার জন্য মঙ্গলবার (৬ আগস্ট) সন্ধ্যা ৬টার পরপরই বঙ্গভবনে যান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৩ সমন্বয়ক।

বৈঠকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৩ জন  সমন্বয়ক- আরিফ সোহেল, সারজিস আলম, নাজিফা জান্নাত, নুসরাত তাবাসসুম, খান তালাত মাহমুদ রাফি, আবু সাদিক, ইভান তাহসির, আসিফ মাহমুদ, নাহিদ ইসলাম, মোহাম্মদ নাসিরউদ্দিন পাটোয়ারী, মাহফুজ আলম, আবুবকর মজুমদার ও হাসনাত আবদুল্লাহ অংশ নেন।