হাতিরঝিলে দেশের মানুষই নয়, বিদেশিরাও দেখতে আসে : প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০৮:২০ পিএম, ২৮ জুলাই ২০১৮ শনিবার | আপডেট: ১১:৫৫ এএম, ২৯ জুলাই ২০১৮ রবিবার
পুরোনো ছবি
এক সময়ের দুর্গন্ধময় হাতিরঝিল এখন মানুষের বিনোদন কেন্দ্র বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘শুধু দেশের মানুষই নয়, বিদেশিরাও এটা দেখতে আসে।’
আজ শনিবার বিকেলে হাতিরঝিলের নর্থ ইউলুপ উদ্বোধনের পর এক বক্তৃতায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। ইউলুপ উদ্বোধনের পর মোনাজাত করেন প্রধানমন্ত্রী। এরপর তিনি ইউলুপ পরিদর্শনে বের হন গাড়িতে করে। পরিদর্শন শেষ করে আবার তিনি ইউলুপ উদ্বোধনস্থলে চলে আসেন।
শেখ হাসিনা বলেন, ‘পুরো ঢাকা ঘিরে পাতাল এবং উপরে ট্রেন থাকবে। ঢাকার চারিদিকে রিং রোড করে দেবো। এছাড়া ঢাকার চারদিকে নৌপথও করে দেবো।’
শেখ হাসিনার মঞ্চে ওঠার পর জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হাতিরঝিল প্রকল্পের পরিচালক মেজর জেনারেল আবু সাঈদ মোহাম্মদ মাসুদ।
এছাড়া অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ঢাকা-১১ আসনের সংসদ সদস্য এ কে এম রহমতুল্লাহ ও সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ বক্তব্য তেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা স্মারক তুলে দেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, ‘৯৬ সালে যখন ক্ষমতায় আমি তখন এই হাতিরঝিল নিয়ে পরিকল্পনা করেছিলাম। কিন্তু ২০০১ সালে আমরা ক্ষমতায় আসতে পারিনি। আবার যখন ক্ষমতায় আসলাম তখন এই হাতিরঝিলের প্রকল্প নিয়ে মাঠে নামলাম। আজ ঢাকার মধ্যে এমন একটি সুন্দর জায়গা হয়েছে যা মানুষ কল্পনাই করতে পারে না।’
শেখ হাসিনা বলেন, ‘নৌকায় ভোট দিয়ে কেউ কোনোদিন বঞ্চিত হননি। আগামীতেও হবেন না। নৌকায় ভোট দিয়ে স্বাধীনতা পেয়েছেন, কথা বলার অধিকার পেয়েছেন এবং এখন উন্নয়শীল দেশ পেয়েছেন। আবার ভোট দিলে উন্নত বাংলাদেশ পাবেন।’
