ঢাকা, বুধবার ১৫, জুলাই ২০২৬ ৯:৪২:২১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

নারী পুলিশ সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছে : আইজিপি

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ১২:১১ পিএম, ২৯ জুলাই ২০১৮ রবিবার | আপডেট: ০২:৪৭ পিএম, ২৯ জুলাই ২০১৮ রবিবার

পুলিশের নারী সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষার মতো কঠোর দায়িত্ব অত্যন্ত দক্ষতা ও সুনামের সঙ্গে পালন করছে বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।


শনিবার সন্ধ্যায় মিরপুরে পিএসসি কনভেনশন হলে বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্কের নবগঠিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।


জাবেদ পাটোয়ারী বলেন, ‘বাংলাদেশ পুলিশের আধুনিকায়ন হচ্ছে এবং সক্ষমতা বাড়ছে। আমরা পুলিশকে একটি জেন্ডার সংবেদনশীল প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে কার্যকর উদ্যোগ গ্রহণ করেছি। ইতোমধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশে উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশন গঠন করা হয়েছে। সাতটি মেট্রোপলিটন পুলিশ ইউনিটসহ পার্বত্য রাঙ্গামাটি জেলায় ভিকটিম সাপোর্ট সেন্টার স্থাপন করা হয়েছে।

 

জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নারী সহায়তা কেন্দ্র ও থানায় শিশু হেল্প ডেস্ক কার্যক্রম চালু করা হয়েছে। থানাগুলোকে নারী ও শিশুবান্ধব করে গড়ে তোলা হয়েছে। নারী পুলিশের সমন্বয়ে গঠিত ১১ আর্মড পুলিশ ব্যাটালিয়ন সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছে। শান্তিরক্ষা মিশনেও তারা অনন্য অবদান রাখছে। বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক (বিপিডব্লিউএন) নারী পুলিশের পেশাদারিত্ব ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এ সংগঠনের কর্মকর্তাগণ আন্তর্জাতিক সংগঠনে বাংলাদেশ পুলিশের প্রতিনিধিত্ব করছে। এতে দেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে।’

 

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার ও বিপিডব্লিউএনের নব-নির্বাচিত সভাপতি আমেনা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি, ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।