ঢাকা, সোমবার ২৩, মার্চ ২০২৬ ১৮:৫৪:৩৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

দামের ঊর্ধ্বগতি, বিপাকে স্বল্প আয়ের মানুষ

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ১১:৪৫ এএম, ৩১ জুলাই ২০১৮ মঙ্গলবার | আপডেট: ১১:১৫ এএম, ২ আগস্ট ২০১৮ বৃহস্পতিবার

রাজধানীর বাজারে পেঁয়াজ, কাঁচা মরিচ, ডিম,  মুরগি, সবজিসহ দাম বেড়েছে সব পণ্যের। ফলে বিপাকে পড়েছে স্বল্প আয়ের মানুষ।


  
মঙ্গলবার রাজধানীর কাওরানবাজার, নিউমার্কেট,গুলবাগ, রামপুরা, মধ্য বাড্ডা, ফার্মগেট এলাকার কয়েকটি বাজার সরেজমিনে ঘুরে বিভিন্ন নিত্যপণ্যের দামবৃদ্ধির চিত্র পাওয়া যায়। 


 

রাজধানীসহ সারাদেশে গত কয়েকদিন ধরে টানা বৃষ্টিপাতের জন্য সবজির দামও চড়া। প্রায় সবধরনের সবজিই কেজিতে ৫ থেকে ১০ টাকা পর্যন্ত বেড়েছে। বেগুন ৪৫ থেকে ৫০ টাকা, করল্লা ৫০ থেকে ৫৫ টাকা, কাঁকরোল, ঝিঙা ও চিচিঙ্গা ৪০ থেকে ৪৫ টাকা, টমেটো ৯০ থেকে ১১০ টাকা, পটল, ঢেঁড়স ৪৫ থেকে ৫০ টাকা, পেঁপে ২৫ থেকে ৩০ টাকা, বরবটি ৪০ থেকে ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। কাঁচা মরিচ কেজিতে ১৪০-১৬০ টাকায় বিক্রি হচ্ছে। 

 


ফার্মগেট মনীপুরী বাজারের সবজি ব্যবসায়ী মো. আতিক বলেন, দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টিপাতের কারণে সবজি ক্ষেত নষ্ট হয়ে যাওয়ায় বাজারে সবজি ও কাঁচামরিচের সরবরাহ কমেছে। ফলে দাম বেড়েছে।

 


খুচরা দোকানে এখন বাছাই করা দেশি বড় পেঁয়াজ প্রতি কেজি  ৬০ টাকা, মাঝারি দেশি পেঁয়াজ ৫৫ টাকা ও ভারতীয় পেঁয়াজ ৩৫-৩৮ টাকায় বিক্রি হচ্ছে।

 


মাছের দামও বেশি। রাজধানীর বাজারে ১ কেজি বা তারচেয়ে বেশী ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১ হাজার ৫’শ থেকে ১ হাজার ৮’শ টাকা পর্যন্ত।এছাড়া ৪’শ থেকে ৫’শ গ্রাম ওজনের ইলিশের কেজি বিক্রি হচ্ছে ৫’শ থেকে ৬’শ টাকার মধ্যে।  পাঙ্গাস ১৪০ থেকে ১৭০ টাকা, কৈ ১৫০ থেকে ২’শ টাকা, তেলাপিয়া ১৪০ থেকে ১৬০ টাকা, ট্যাংরা ৪০০ থেকে ৬০০ টাকা, শিং ৫০০ থেকে ৬০০ টাকা, চিংড়ি ৫০০ থেকে ৮০০ টাকা, পাবদা ৪০০ থেকে ৬০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।




খুচরা দোকানে ফার্মের লাল ডিম প্রতি হালি ৩৬-৩৮ টাকায় বিক্রি করছেন বিক্রেতারা। দেশি মুরগি ও হাঁসের ডিম কিনতে চাইলে হালিপ্রতি বাড়তি ১০ টাকা দিতে হচ্ছে। খুচরা দোকানে হাঁস ও দেশি মুরগির ডিম প্রতি হালি ৪৫ টাকায় বিক্রি হচ্ছে। তবে এলাকা ভেদে ডিমের মুল্য ২ -৩ টাকা হেরফের দেখা যায়। যেমন নিউমার্কেট এলাকায় ফার্মের লাল ডিমের হালি  ৩৬ টাকা। আবার গুলশান গুদারাঘাট বাজারে ডিমের হালি ৩৮ টাকা দরে বিক্রি হচ্ছে।

 

এরকম পার্থক্যের কারণের জবাবে গুদারাঘাটের ডিম ব্যবসায়ী মহসিন আলী বলেন,আমরা সব সময় টাটকা ডিম রাখি। যারা দুই তিন দিন ধরে ডিম রেখে বেচে তারা কম দিতে পারব। আমরা পারমুনা।

 


বেড়ে গেছে ব্রয়লার মুরগির দামও। বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৫৫-১৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। গরু ও খাসির মাংসের দাম স্থিতিশীল রয়েছে। বর্তমানে প্রতি কেজি গরুর মাংস ৪৮০ থেকে ৫০০ টাকা ও খাসীর মাংস ৭৬০ -৭৮০ টাকা দরে বিক্রি হচ্ছে।