ফার্মগেটে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, ঘাতক চালকের ফাঁসির দাবি
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ১২:৪০ পিএম, ৩১ জুলাই ২০১৮ মঙ্গলবার | আপডেট: ০৪:০১ পিএম, ১ আগস্ট ২০১৮ বুধবার
রাজধানীর বিমানবন্দর সড়কে বাসচাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় মঙ্গলবার ফার্মগেটে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেছে। শিক্ষার্থীরা ঘাতক চালকের ফাঁসির দাবিতে স্লোগান দিচ্ছে।
আজ সকাল দশটায় এ অবরোধ কর্মসূচি শুরু হয়। এ সময় রাস্তায় সব প্রকার যান চলাচলে বাধা দেওয়া হলে মুহুর্তের মধ্যে যানজট লেগে যায়। এ সময় শিক্ষার্থীদের ‘দিয়া তোমায় ভুলি নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘ করিমের রক্ত বৃথা যেতে দেব না’ এমন স্লোগান দিতে দেখা যায়। বিজ্ঞান কলেজের ছাত্র তামজীদ সালেকীন বলেন, ছাত্ররা পরিবহন ক্ষেত্রে সব সময় বৈষম্যের শিকার হয়। তাই আমরা সুবিচারের আশায় রাজপথে নেমে এসেছি।
আন্দোলনে অংশগ্রহনকারী শিক্ষার্থী রাব্বী ইসলাম বলেন, কাল দিয়া ও করিম মারা গেছে। আগামীকাল কে মারা যাবে তার কোন ঠিক নাই। তাই আমরা শিক্ষার্থীসহ সবার জন্য নিরাপদ পরিবহন ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানাচ্ছি।
এ সময় কাওরান বাজার, খামার বাড়ী ও মীরপুরের দিক থেকে আসা শত শত গাড়ি রাস্তায় দাড়িয়ে থাকতে দেখা যায়। এ প্রতিবেদনটি লেখা পর্যন্ত শিক্ষার্থীদের আন্দোলন চলছিল।
