৮ আগস্ট ঢাকা আসছেন কমনওয়েলথ মহাসচিব প্যাট্রিসিয়া
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০৪:০৭ পিএম, ১ আগস্ট ২০১৮ বুধবার | আপডেট: ০৭:৫৬ পিএম, ১ আগস্ট ২০১৮ বুধবার
দুই দিনের সরকারি সফরে আগামী ৮ আগস্ট ঢাকা আসছেন কমনওয়েলথ মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড।২০১৬ সালের এপ্রিলে দায়িত্ব নেওয়ার পর এটিই প্যাট্রিসিয়ার প্রথম বাংলাদেশ সফর।
দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়ায় কমনওয়েলথ সদস্য তিন দেশ সফরের অংশ হিসেবে বাংলাদেশ সফর শেষে তিনি শ্রীলঙ্কা ও ব্রুনাইয়েও যাবেন।
বাংলাদেশে অবস্থানকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন কমনওয়েলথ মহাসচিব। এরপর তিনি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও বৈঠক করবেন। এ ছাড়াও বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ আয়োজিত অনুষ্ঠানেও বক্তব্য দেবেন প্যাট্রিসিয়া স্কটল্যান্ড।
সফর সামনে রেখে কমনওয়েলথ মহাসচিব বলেন, শ্রীলঙ্কা, ব্রুনাই ও বাংলাদেশ কমনওয়েলথ পরিবারের অত্যন্ত মূল্যবান সদস্য। এ অঞ্চলে সংগঠিত অনেক উৎসাহব্যঞ্জক ও ইতিবাচক উন্নয়নের সাথে নিজেকে আরো ঘনিষ্ঠভাবে পরিচিত করানোর দিকে তাকিয়ে আছি আমি।
গত এপ্রিলে অনুষ্ঠিত কমনওয়েলথ সরকার প্রধানদের বৈঠকে নেতারা যে অগ্রাধিকার ও প্রতিশ্রুতি দিয়েছেন সেসব নিয়ে তিন দেশের সরকার প্রধান, মন্ত্রী ও অন্য কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন কমনওয়েলথ মহাসচিব।
