৩০ ঘন্টা পর কুয়া থেকে জীবিত উদ্ধার শিশু
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ১১:৫৪ এএম, ২ আগস্ট ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ১২:৩২ পিএম, ২ আগস্ট ২০১৮ বৃহস্পতিবার
৩ বছর বয়সী শিশু সানা ঘুরতে গিয়েছিল মামার বাড়ি। সেখানে এক গভীর কুয়ার মধ্যে পড়ে যায় সে। দীর্ঘ ৩০ ঘন্টা পর ১১০ ফুট গভীর কুয়া থেকে সানাকে উদ্ধার করা হয়। সাহসী এ শিশুকে পরে হাসপাতালে ভর্তি করা হয়। সানার পরিবার জানায়, এখন সে সুস্থ আছে।
ঘটনাটি ঘটেছে পাশের দেশ ভারতের বিহারে। সানা তার বাবার সাথে মামার বাড়ি মুঙ্গেরের কোতোয়ালি থানার মুর্গিয়াচক মহল্লায় বেড়াতে গিয়েছিল। মঙ্গলবার দুপুরে সে বাড়ির উঠানে খোঁড়া একটি কুয়ার গর্তে পড়ে যায়। স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফায়ার সার্ভিস কর্মীরা প্রায় ৩০ ঘণ্টা চেষ্টা চালিয়ে তাকে কুয়া থেকে জীবিত উদ্ধার করেন।
টানা ৩০ ঘণ্টা অত্যন্ত সাহসিকতার সাথে কুয়ার ভিতরে অতিবাহিত করে সানা। কুয়াটি ছিল বেশ গভীর ১১০ ফুট। এত নিচে অক্সিজেনের ঘাটতি পড়ে। ফলে এই দীর্ঘ সময় তাকে বাঁচিয়ে রাখার জন্য কুয়ার মধ্যে অক্সিজেন দেয়া হয়। কুয়ার ভেতর অন্ধকার থাকায় আলোর ব্যবস্থা করা হয়। যাতে সানা ভয় না পায়। শেষ পর্যন্ত ভয়ঙ্কর ওই কুয়া থেকে নিরাপদেই বের করে নিয়ে আসা হয় শিশু সানাকে।
