৩৯তম বিশেষ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আজ
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ১১:১৫ এএম, ৩ আগস্ট ২০১৮ শুক্রবার | আপডেট: ০৩:৩৮ পিএম, ৪ আগস্ট ২০১৮ শনিবার
আজ শুক্রবার ৩৯তম বিশেষ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। নিরাপদ সড়কের দাবিতে দেশব্যাপী আন্দোলনের কারণে এ পরীক্ষা নিয়ে সংশয় তৈরি হলেও সরকারি কর্ম কমিশন (পিএসসি) ঘোষণা দিয়েছে যথাসময়েই পরীক্ষা অনুষ্ঠিত হবে। সংশয়ের কোনো কারণ নেই।
রাজধানীর ২৫টি কেন্দ্রে এ পরীক্ষা নেওয়া হবে। দুপুর দেড়টা থেকে ২টা ২৫ মিনিটের মধ্যে প্রার্থীদের পরীক্ষার হলে প্রবেশ করে সিটে বসতে হবে। দুপুর আড়াইটায় দেওয়া হবে উত্তরপত্র। ৩টা থেকে ৫টা পর্যন্ত পরীক্ষা হবে। পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত কেউ হল থেকে বের হতে পারবে না।
এক বিজ্ঞপ্তিতে পিএসসি জানায়, পরীক্ষার হলে মোবাইল ফোন, ঘড়ি, সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস, বই-পুস্তক, ক্যালকুলেটর, গহনা-অলংকার, ক্রেডিট কার্ড, ব্যাংক কার্ড এবং ব্যাগ নিয়ে পরীক্ষার হলে প্রবেশ নিষিদ্ধ। কেউ এসব জিনিস নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করলে সেগুলো বাজেয়াপ্ত করে তার প্রার্থিতা বাতিল করা হবে। পাশাপাশি ভবিষ্যতে তাকে পিএসসির সব নিয়োগ পরীক্ষার জন্য অযোগ্য ঘোষণা করা হবে।
প্রিলিমিনারি পরীক্ষার সময় হাত ঘড়ি, পকেট ঘড়ি ও ইলেকট্রনিক ঘড়ি ব্যবহার করা যাবে না জানিয়ে কমিশন বলেছে, সময় জানার জন্য পরীক্ষার হলে প্রয়োজনীয় সংখ্যক দেয়াল ঘড়ি রাখা হবে। পরীক্ষা হলে প্রার্থীরা কানে কোনো আবরণ রাখতে পারবেন না, কান খোলা রাখতে হবে। গহনা-অলংকার জাতীয় কোনো কিছু ব্যবহার করা যাবে না।
গত ৮ এপ্রিল ৩৯তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এই বিসিএসে অংশ নিতে ১০ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত অনলাইনে ৩৯ হাজার ৯৫৪ জন চাকরিপ্রার্থী আবেদন করেছেন। এ বিসিএসের মাধ্যমে ৪ হাজার ৫৪২ জন সহকারী সার্জন এবং ২৫০ জন সহকারী ডেন্টাল সার্জন নিয়োগ দেওয়া হবে।
এদিকে দেশব্যাপী আন্দোলনের কারণে যানবাহন কমে যাওয়ায় অনেক চাকরিপ্রার্থী সঠিক সময়ে পরীক্ষাহলে পৌঁছাতে পারবেন কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন। এমবিবিএস ডাক্তার সেরাজুম মনিরা বলেন,আমি থাকি সাভারে। আমার সীট পড়েছে ইডেন কলেজে। রাস্তায় গাড়ি পাব কিনা জানি না। তাই সকাল ৯ টায় বের হয়েছি।
