একটি রাজনৈতিক দল পরিস্থিতি অস্থিতিশীল করছে : দীপু মনি
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০৫:৩০ পিএম, ৫ আগস্ট ২০১৮ রবিবার | আপডেট: ০৯:৪৪ পিএম, ৬ আগস্ট ২০১৮ সোমবার
নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি সরকার ইতিমধ্যে মেনে নেয়ার পরও একটি বড় রাজনৈতিক দল স্বাভাবিক পরিস্থিতিকে অস্থিতিশীল করতে অপপ্রয়াস চালাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি এমপি।
আজ রোববার চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান, সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে বর্তমান পরিস্থিতি নিয়ে আয়োজিত সভায় এ মন্ত্রব্য করেন দীপু মনি।
দীপু মনি বলেন, শিক্ষার্থীদের দাবি সরকার ইতিমধ্যে মেনে নিয়েছে। কোমলমতি শিক্ষার্থীরা রাস্তায় নেমে ইতিবাচক অনেক কাজ করেছে, যা থেকে আমাদের শিক্ষণীয় আছে। তবে তাদের সরলতার সুযোগ নিয়ে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে বিশেষ একটি মহল যারা বিগত দিনে জ্বালাও পোড়াও আর মানুষ খুন করে উল্লাস করেছিল। আজকেও সেই ষড়যন্ত্রকারীরা দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে।`
সাবেক পররাষ্ট্রমন্ত্রী বলেন, একটি স্বার্থান্বেষী মহল শিক্ষার্থীদের সঙ্গে মিশে এমনকি বিভিন্ন স্কুলের পোশাক পরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটাচ্ছে। যারা সরকার পতনের চেষ্টায় রত তারাই এখন শিক্ষার্থীদের ঘাড়ে চড়ে নিজেদের অভিলাস পূরণ করার প্রয়াস চালাচ্ছে।
তিনি দাবি করেন, ওই রাজনৈতিক দলের আইনজীবী নেত্রী সামাজিক মাধ্যমে উত্তেজক পোস্ট দিয়ে এর প্রমাণ রেখেছেন।
চাঁদপুরের জেলা প্রশাসক মাজেদুর রহমান খানের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন পুলিশ সুপার শাসুন্নাহার, জেলা আওয়ামী লীগ সভাপতি নাসিরউদ্দিন আহম্মদ ও সাধারণ সম্পাদক আবু নঈম দুলাল প্রমুখ।
