ঢাকা, সোমবার ১৩, জুলাই ২০২৬ ৩:১৫:১৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ভারতে শিশু ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড রেখে বিল পাস

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০৩:১৪ পিএম, ৭ আগস্ট ২০১৮ মঙ্গলবার | আপডেট: ০৯:০৪ পিএম, ৭ আগস্ট ২০১৮ মঙ্গলবার

ভারতীয় সংসদের নিম্নকক্ষ লোকসভায় শিশু ধর্ষণবিরোধী বিল পাস হয়েছিল আগেই। এবার তারই ধারাবাহিকতায় সোমবার রাজ্যসভাতেও বিলটি পাস হলো।



নিয়ম অনুযায়ী এখন বিলটি পাঠানো হবে রাষ্ট্রপতির কাছে৷ তার স্বাক্ষরের পরই আইনে পরিণত হবে এটি। এই আইনে শিশু ধর্ষণের অপরাধে নুন্যতম শাস্তি ২০ বছরের হাজতবাস৷ ১২ বছর বা তার নিচে শিশুদের ধর্ষণে সর্বোচ্চ সাজা হবে মৃত্যুদণ্ড।

 


অপরদিকে ১৬ বছর বা তার নিচে নাবালিকা ধর্ষণের নুন্যতম সাজা ১০ বছর থেকে বাড়িয়ে ২০ বছর করা হয়েছে৷ নতুন আইনে আরও বলা হয়েছে, দু’মাসের মধ্যে শিশু ধর্ষণের মামলার নিষ্পত্তি করতে হবে৷ এছাড়া ১৬ বছর বা তার নিচে নাবালিকা ধর্ষণে অভিযুক্তের আগাম জামিনের দাবিও খারিজ করে দেওয়া হয়েছে৷

 


বিলটি উত্থাপনের সময় কংগ্রেস ও সমাজবাদী পার্টির দুজন এমপি বিলটি সিলেক্ট কমিটির কাছে পাঠানোর সুপারিশ করেন৷ তাদের মধ্যে একজন রবি প্রকাশ ভার্মার বলেন, বিলটি শুধু মেয়েদের মাথায় রেখে করা হয়েছে যেখানে ছেলেরাও যৌন নির্যাতনের শিকার হচ্ছে৷ তাই বিলটি সিলেক্ট কমিটির কাছে পাঠানো হোক৷  এই বক্তব্যের বিরোধিতা করে সরকার পক্ষের এমপি স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী কিরণ রিজুজু জানান, এমপিরা বিলটির বিষয়ে যে সব মন্তব্য করেছেন সরকার সেই দিকগুলি নিশ্চয়ই ভেবে দেখবে৷

 


 
চলতি বছর ২১ এপ্রিল শিশু ধর্ষণে মৃত্যুদণ্ডের প্রস্তাব পাস হয় কেন্দ্রীয় মন্ত্রিসভায়৷ এরপর ৩০ শে জুলাই বিলটি লোকসভায় পাস হয়৷ সেখানে কণ্ঠ ভোটে পাশ হয় এই শিশু ধর্ষণ বিরোধী বিল। সর্বশেষ রাজ্যসভাতেও পাস হলো বিলটি।