পাকিস্তানে নারী মানবাধিকারকর্মীকে গুলি করে হত্যা
প্রকাশিত : ১০:৩১ এএম, ২৫ এপ্রিল ২০১৫ শনিবার | আপডেট: ১০:৩১ এএম, ২৫ এপ্রিল ২০১৫ শনিবার
উইমেননিউজ ডেস্ক, ঢাকা : পাকিস্তানের বন্দরনগরী করাচিতে এক নারী মানবাধিকার কর্মীকে গুলি করে হত্যা করেছে বন্দুকধারীরা। গতকাল শুক্রবার সন্ধ্যায় একটি সেমিনার শেষে তার মাকে নিয়ে বাসায় ফেরার সময় এ হামলার শিকার হন তারা।
এরপর হাসপাতালে নেওয়ার সময় সাবিন মেহমুদ নামের ওই মানবাধিকার কর্মীর মৃত্যু হয়। এ সময় তার মা গুলিবিদ্ধ হন। তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগেও সাবিনকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল।
সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ে এবং তাকে শ্রদ্ধা জানানো হয়।
সাবিন মেহমুদ দ্য সেকেন্ড ফ্লোর বা টি২এফ চ্যারিটি সংগঠনের পরিচালক ছিলেন। সংগঠনটি প্রায়ই মানবাধিকার বিষয়ে সেমিনারের আয়োজন করে। শুক্রবারের সেমিনারটি ছিল বেলুচিস্থানে নির্যাতনের ওপর। সেমিনার শেষে বাসায় ফেরার সময় অজ্ঞাত বন্দুকধারী মোটরসাইকেলে করে এসে গুলি চালিয়ে পালিয়ে যায়।
বেলুচিস্তানে বিদ্রোহী, বিচ্ছিন্নবাদী ও অন্যান্য গ্রুপের মধ্যে সংঘর্ষ অব্যাতহত রয়েছে। এর ওপরই ওই সেমিনারের আয়োজন করা হয়েছিল। তবে এখন পর্যন্ত হামলার দায় কেউ স্বীকার করেনি।
২৫.০৪.২০১৫ 