ঢাকা, সোমবার ১৩, জুলাই ২০২৬ ৩:১৩:২৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

যুক্তরাষ্ট্রে অপুষ্টিতে ভোগা ১১ শিশু উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০৯:০৩ পিএম, ৭ আগস্ট ২০১৮ মঙ্গলবার | আপডেট: ০৯:৫৬ পিএম, ৭ আগস্ট ২০১৮ মঙ্গলবার

যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্য থেকে ক্ষুধায় আক্রান্ত হয়ে অপুষ্টিতে ভোগা ১১ শিশুকে উদ্ধার করেছে দেশটির পুলিশ। উদ্ধারের পর স্থানীয় সামাজিক সুরক্ষা বিভাগ ওই শিশুদের হেফাজতে নিয়েছে। শিশুরা এখন সুস্থ আছে।

 


গত শুক্রবার উদ্ধার হওয়া শিশুগুলোর বয়স এক থেকে পনের বছরের মধ্যে। তাদের অবস্থা এতই খারাপ হয়েছিল  দেখে মনে হচ্ছিল তারা তৃতীয় বিশ্বের কোনো দেশের শরণার্থী । মরুভূমির মধ্যে একটি আবাসিক ভবনে নোংরা পরিস্থিতির মধ্যে তাদের রাখা হয়েছিল।



শিশুগুলো মাটির ভেতর কিছুটা ডেবে যাওয়া একটি নষ্ট কভার্ডভ্যানের মধ্যে অত্যন্ত মানবেতর অবস্থায় ছিল। নোংরা কাপড়ে থাকা শিশুগুলোর পায়ে কোনো জুতা পর্যন্ত ছিল না বলে জানায় পুলিশ। সেখানে পানি কিংবা বিদ্যুৎও ছিল না।

 


‘আমরা ক্ষুধায় আক্রান্ত, খাবার ও পানির দরকার’ লেখা একটি বার্তা পেয়ে পুলিশ সেখানে তল্লাশি চালিয়ে এসব শিশুদের উদ্ধার করে। 

 


ওই এলাকার বর্ণনায় পুলিশ জানিয়েছে, মাটির নিচে প্লাস্টিকে ঢাকা সুড়ঙ্গ ছিল। ছিল না কোনও পানি ও বিদ্যুৎ। টাওস কান্ট্রি শেরিফ জেরি হগরেফ সোমবার এবিসি নিউজকে জানান, শিশুরা ক্ষুধার্ত, পিপাসার্ত ও চরম নোংরা পরিস্থিতিতে ছিল। তিনি বলেন, ‘পুলিশে ৩০ বছর ধরে কাজ করছি। কখনও এরকম কিছু দেখিনি, অবিশ্বাস্য। তারা চর্মসার, হাড় দেখা যাচ্ছিল।’



ঘটনাস্থলে কোনও বিশুদ্ধ পানি পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, সেখানে খাবার বলতে শুধু কিছু আলু ও অল্প পরিমাণ চাল পাওয়া গেছে। সেখান থেকে দুই সশস্ত্র ব্যক্তি সিরাজ ওয়াহাজ ও লুকাস মার্টিনকে আটক করার কথা জানিয়েছে পুলিশ। তিন নারীকে আটক করা হলেও পরে তাদের ছেড়ে দেওয়া হয়েছে। 



প্রসঙ্গত, গত মে মাসে আমেরিকাজুড়ে ৪০ দিনের এক কর্মসূচি পালন করে ‘পুওর পিপল ক্যাম্পেইন’ নামের একটি মানবাধিকার প্রতিষ্ঠান। মানবাধিকারকর্মী মার্টিন লুথার কিংয়ের অনুসরণে সংগঠিত ওই প্রতিষ্ঠান তাদের ‘দ্য সোলস অব পুওর ফোক’ শীর্ষক গবেষণায় দেখিয়েছে, যুক্তরাষ্ট্রে কেন্দ্রীয় সরকার নির্ধারিত দারিদ্র্যসীমার নিচে বাস করছে ৪ কোটি ১০ লাখ মানুষ। আর নিম্ন আয় অথবা দারিদ্র্যের মধ্যে রয়েছেন ১৪ কোটি মার্কিনি। যার মধ্যে শিশুদের দশ জনের মধ্যে চারজন সেখানে অন্তত এক বছর দারিদ্র্যের মধ্যে কাটাতে বাধ্য হয়।