ঢাকা, শুক্রবার ১৩, ফেব্রুয়ারি ২০২৬ ৭:৩৫:৪৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

চট্টগ্রামে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী আটক

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০১:২২ এএম, ৮ আগস্ট ২০১৮ বুধবার | আপডেট: ১১:০৩ পিএম, ৮ আগস্ট ২০১৮ বুধবার

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। তার নাম হাসনা হেনা বিউটি (২০)।

তিনি উপজেলার রশিদের ঘোনা এলাকার দেরাজ মিয়ার ছেলে মো. সাকিবের স্ত্রী এবং উপজেলার সদর ইউনিয়নের দরবেশহাট এলাকার জাফর আহমদের মেয়ে।

এ ঘটনায় বিউটির স্বামী মো. সাকিবকে আটক করেছে পুলিশ।

জানা গেছে, এক বছর আগে সাকিব ও বিউটির মধ্যে বিয়ে হয়। সেই সুবাদে বিউটি স্বামী, শাশুড়ি, দেবর ও ননদের সাথে উপজেলা সদরের ফোরকান টাওয়ারের ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন। বিউটির ২১ দিনের এক ছেলে সন্তান রয়েছে।

সাকিব জানান, মঙ্গলবার সকালে কথাকাটাকাটির এক পর্যায়ে বাথরুমে থাকা টয়লেট ক্লিনার পান করে বিউটি। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়।

নিহতের স্বজনরা জানান, বিউটিকে স্বামীসহ শ্বশুর বাড়ির লোকজন প্রায়ই নির্যাতন করত। ঘটনার দিনও নির্যাতন করেছে। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। কেন আমাদের না জানিয়ে শ্বশুর বাড়ির লোকজন গোপনে বিউটির লাশ দাফনের ব্যবস্থা করল।

লোহাগাড়া থানার ডিউটি অফিসার এসআই আবুল কাশেম জানান, পুলিশ খবর পেয়ে শ্বশুর বাড়ি থেকে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনার সাথে জড়িত সন্দেহে নিহতের স্বামী সাকিবকে আটক করা হয়েছে বলে তিনি জানান।