নেপালের পাশে থাকার ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী
প্রকাশিত : ০৪:৪৬ পিএম, ২৬ এপ্রিল ২০১৫ রবিবার | আপডেট: ০৪:৪৬ পিএম, ২৬ এপ্রিল ২০১৫ রবিবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেনিনউজ২৪.কম, ঢাকা : ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত নেপালের পাশে থাকার ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (২৬ এপ্রিল) বিকেলে প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আমরা নেপালের পাশে থাকবো। যোগাযোগ রাখছি। আজও ভূমিকম্প অনুভূত হয়েছে। আমরা আশা করি, আমাদের দেশে যেন এ ধরনের দুর্যোগে জনগণের জানমালের ক্ষতি না হয়। আফ্রো-এশিয়া সম্মেলনে অংশ নিতে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক ইন্দোনেশিয়া সফরে অর্জিত সাফল্য তুলে ধরতে রোববার এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রী বলেন,ইন্দোনেশিয়ার সম্মেলনে অংশ গ্রহণের পাশাপাশি দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেই। সম্মেলন চলাকালীন সময়ে অনেকের সঙ্গে সাক্ষাৎ এবং আলোচনার সুযোগ পাই। প্রথম দিনের বক্তব্যে দক্ষিণ-দক্ষিণ উন্নয়নের গুরুত্বরোপ করি। নারী ক্ষমতায়নে শিক্ষা প্রযুক্তি জলবায়ু ভূমিকা উল্লেখ করে সহযোগিতা কামনা করি।
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বাণিজ্য, জ্বালানির বিষয়ে আলোচনা হয়। দুই দেশের বিভিন্ন সহযোগিতার বিষয় চিহ্নিত করে সহযোগিতার সিদ্ধান্ত নেই। চীনের রাষ্ট্রপতিকে বিনিয়োগের আহ্বান জানাই। তিনি আমাদের উন্নয়নে প্রশংসা করেন।
জাপানের প্রধানমন্ত্রীকেও আরও বিনিয়োগের প্রস্তাব জানাই। দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের বিষয়েও আলোচনা হয়। গত ২১ থেকে ২৩ এপ্রিল ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত আফ্রো-এশিয়ান দ্বিতীয় সম্মেলনে অংশ নেন প্রধানমন্ত্রী।
২৬.০৪.২০১৫ 