ঢাকা, সোমবার ১৩, জুলাই ২০২৬ ৩:১৪:৩৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ইয়েমেনে স্কুলবাসে ভয়াবহ হামলা, কমপক্ষে ২০ শিশু নিহত

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০৬:৪০ পিএম, ৯ আগস্ট ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ০১:১৭ পিএম, ১০ আগস্ট ২০১৮ শুক্রবার

গৃহযুদ্ধে বিধ্বস্ত ইয়েমেনের উত্তরের সাদা`য় দায়ান মার্কেটের সামনে বৃহস্পতিবার সকালে একটি স্কুল বাসে আকস্মিক হামলা চালায় দুর্বৃত্তরা তাতে অন্তত ২০ জন শিশুর মৃত্যু হয়েছে৷ সাম্প্রতিক সময়ে সবচেয়ে বড় নাশকতার ঘটনা এটি৷ 

 

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বার্তায় উঠে আসছে নিহতের সংখ্যা আরও বেশি৷ আন্তর্জাতিক সংবাদ সংস্থা এপি বলছে, নিহত কমপক্ষে ২০ শিশু৷ আরও মৃত্যুর আশঙ্কা রয়েছে৷

 

আল জাজিরার খবর, মৃত শিশুদের বয়স ১০ বছরেরও কম৷ আহত আরও অনেকে৷ অভিযোগ, সৌদি আরব থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ে ওই স্কুল বাসে৷ তারপরই প্রবল বিস্ফোরণ ঘটে৷ পরে সেই বাস থেকে আধপোড়া মৃতদেহ উদ্ধার করা হয়৷ অন্যদিকে রয়টার্সের এক খবরে বলা হয়েছে ওই বাসে বিমান হামলা চালানো হয়েছে।

 

ইয়েমেনে দীর্ঘ দিন ধরে শিয়া ও সুন্নি মুসলমানদের মধ্যে বিরোধ লেগে আছে। ২০১৫ সাল থেকে ইয়েমেন শুরু রাজনৈতিক সংকট ও গৃহযুদ্ধ৷ এতে ইয়েমেনের নির্বাচিত সরকারের প্রেসিডেন্ট মনসুর আল হাদিকে সরিয়ে ক্ষমতা দখল করেছে হুথি বিদ্রোহী গোষ্ঠী৷ তার পর থেকে ইয়েমেনে তারাই ক্ষমতায় রয়েছে৷

 

এদিকে মনসুর হাদি সৌদি আরব ও তাদের জোট সেনার সাহায্যে পরে ফিরে আসেন দেশে৷ তবে তিনি এডেন বন্দরের কাছেই তার সরকারের কেন্দ্র তৈরি করেছেন৷ রাজধানী সানা শহর এখনও হুথিদের দখলে৷

 

হুথিদের বিরুদ্ধে লাগাতার সেনা অভিযান চালাচ্ছে সৌদি জোট৷ হুথিদের সমর্থন করছে ইরান৷ এর জেরে মুসলিম বিশ্ব আড়াআড়ি ভাবে বিভক্ত৷