স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০১:৩৮ পিএম, ১১ আগস্ট ২০১৮ শনিবার | আপডেট: ০৯:৪৬ পিএম, ১৫ আগস্ট ২০১৮ বুধবার
সিরাজগঞ্জের তাড়াশে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার সাইদুর রহমান তার স্ত্রী মুর্শিদা খাতুনকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন অভিযোগ করেছেন নিহতের স্বজনরা।
নিহতের স্বজনরা জানান, শুক্রবার রাত ৯টার দিকে নেশাগ্রস্থ অবস্থায় স্বামী সাইদুর বাড়ি ফেরেন। এরপরই স্বামী-স্ত্রীর মধ্যে বাগ-বিতণ্ডা হয়। হঠাৎ করে গভীর রাতে মুর্শিদার মৃত্যুর খবর বাবার বাড়িতে দেওয়া হয়। পরে আত্মীয়-স্বজনরা ঘটনাস্থলে পৌঁছে দেখে খাটের যে দিকে মুর্শিদা শুয়ে ছিলেন সে দিকের খাটটির পা ভাঙা। বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে মুর্শিদাকে হত্যার সময় ধস্তাধস্তিতে ওই খাটের পা ভেঙে গেছে বলে জানান স্বজনরা।ঘটনার পর থেকে মুর্শিদার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন পলাতক।
তাড়াশ থানার ওসি মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের বলেন, উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের ঘড়গ্রাম থেকে গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। গৃহবধূকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে কি না তা ময়নাতদন্তের প্রতিবেদন আসার পর জানা যাবে।
