কোন মুখে ভোট চান খালেদা জিয়া: প্রধানমন্ত্রী
প্রকাশিত : ০১:০১ পিএম, ২৭ এপ্রিল ২০১৫ সোমবার | আপডেট: ০১:০২ পিএম, ২৭ এপ্রিল ২০১৫ সোমবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, খালেদা জিয়া আন্দোলনের নামে মানুষ যেভাবে পোড়াল, যে জঘন্য কাজ, বিশ্বে কোথাও কি কেউ দেখেছে?
তিনি বলেন, উনি (খালেদা জিয়া) যে মানুষকে পোড়ালেন তিনি আবার মানুষের কাছে ভোট চান কিভাবে? কোন মুখে ভোট চান? লজ্জাও তো লাগে। সিটি নির্বাচনের দুদিন আগে রোববার গণভবনে সংবাদ সম্মেলনে এ সব কথা বলেন প্রধানমন্ত্রী।
সাম্প্রতিক ইন্দোনেশিয়া সফর নিয়ে এই সংবাদ সম্মেলন ডাকা হয়। তবে প্রশ্নোত্তর পর্বে মূলত দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও সিটি নির্বাচনের কথায় বেশি উঠে আসে।
নির্বাচনী প্রচারণা চালানোর সময় বিএনপি চেয়ারপারসন হামলার শিকার হয়েছেন মর্মে বিভিন্ন সংবাদ হলেও তার নিরাপত্তাকর্মীদের গাড়ির নিচে চাপা পড়া এক তরুণের ছবি সংবাদ সম্মেলনে দেখিয়ে প্রধানমন্ত্রী বলেন, এই ছবি তো আপনারা দেখাননি। তিনি বলেন, খালেদা জিয়া জনতার রুদ্ররোষেই পড়েছিলেন।
২৭.০৪.২০১৫
