ঢাকা, শুক্রবার ১৩, ফেব্রুয়ারি ২০২৬ ৭:৩৫:৪১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ভবিষ্যতে দরিদ্র মানুষ খুঁজে পাওয়া যাবে না : চুমকি

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০২:৫৫ পিএম, ১৬ আগস্ট ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ০৭:০৯ পিএম, ১৬ আগস্ট ২০১৮ বৃহস্পতিবার

মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, বর্তমান সরকারের উন্নয়নের কারণে দেশে দারিদ্রের হার কমে এসেছে। কয়েকদিন পর আর দেশে দরিদ্র মানুষ খুঁজে পাওয়া যাবে না।

 


আজ বৃহস্পতিবার সকালে তুমলিয়া ইউনিয়ন পরিষদে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগীতায় গাজীপুরের কালীগঞ্জ উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত দুস্থদের মাঝে ভিজিএফের চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।



তিনি বলেন, দেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করতে বিভাজন করলে চলবে না। সমষ্টিগতভাবে সকলে মিলে মিশে কাজ করতে হবে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে নারী-পুরুষ নির্বিশেষে দেশে আপামর জনসাধারণকে মিলে মিশে কাজ করতে হবে।



প্রতিমন্ত্রী আরও বলেন, দরিদ্রদের কোনো দল নেই। তাদের একমাত্র দল যে সরকার তাদের সহযোগীতা করছে সেটাই। দারিদ্র বিমোচনে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। যেমন কমিউনিটি হেলথ ক্লিনিক, একটি বাড়ি একটি খামার, ভিজিডি কার্ড, বয়স্ক ভাতা, বিধবা ভাতাসহ বিভিন্ন ভাতা ও দরিদ্র জনগোষ্ঠীর জন্য ১০ টাকা কেজি চালের ব্যবস্থা করেছে।


কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুশফিকুর রহমানের সভাপতিত্বে ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আক্তারুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) আবুবকর মিয়া, তুমলিয়া ইউপি চেয়ারম্যান আবুবকর মিয়া বাক্কু প্রমুখ।